চুক্তির পূর্ণ বাস্তবায়ন কত দূর
পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৪তম বর্ষপূর্তি কাল শুক্রবার। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এ চুক্তি সই হয়। জনসংহতি সমিতির অভিযোগ, চুক্তির বেশির ভাগই এখনো বাস্তবায়ন হয়নি। এ নিয়ে লিখেছেন হরি কিশোর চাকমাপার্বত্য চুক্তির বেশির ভাগ বিষয় এখনো বাস্তবায়িত হয়নি। সক্রিয় নয় চুক্তি বাস্তবায়ন কমিটি। ভূমিবিরোধ নিষ্পত্তি, শরণার্থী পুনর্বাসন ও অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহারে অগ্রগতি নেই—এমন অভিযোগ জনসংহতি সমিতির নেতাদের।সক্রিয় নয় চুক্তি বাস্তবায়ন কমিটি: জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চুক্তি মোতাবেক ২০০৯ সালের ২৫ মে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি পুনর্গঠন করা হয়।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা জানান, কমিটি পুনর্গঠনের পর ২০১০ সালের ২৭ ডিসেম্বর খাগড়াছড়িতে অনুষ্ঠিত সভায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়। কিন্তু পরবর্তীকালে সভার সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো পর্যন্ত এ কমিটির কার্যালয় স্থাপন, জনবল নিয়োগ ও পরিসম্পদ বরাদ্দ হয়নি। প্রায় এক বছর ধরে কমিটির কোনো সভাও হয়নি। সরকারের পক্ষ থেকে কমিটির নিয়মিত সভা আয়োজন ও চুক্তি বাস্তবায়নে তদারকি হচ্ছে না।ভূমি কমিশন নিয়ে বিরোধ: সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৯ জুলাই অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে ভূমি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। জনসংহতি সমিতির অভিযোগ, ভূমি কমিশন গঠিত হলেও ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ শুরু হয়নি। আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা ছাড়াই পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ জাতীয় সংসদে পাস হয়। এই আইনে চুক্তির সঙ্গে বিরোধাত্মক ২১টি ধারা যুক্ত করা হয়েছে বলে জনসংহতি সমিতির দাবি। এ ব্যাপারে সংশোধনী পাঠানো হলেও এখনো পর্যন্ত ওই বিরোধাত্মক ধারা সংশোধন করা হয়নি।এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার জানান, আঞ্চলিক পরিষদের দেওয়া সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। সংসদের আগামী অধিবেশনে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিচারপতি খাদেমুল ইসলাম বলেন, ভূমি কমিশন বর্তমান আইন অনুযায়ী কাজ করছে। তবে আইনের সংশোধন হলে কমিশন সে অনুযায়ী কাজ করবে। সরকার ও জনসংহতি সমিতির মতবিরোধের কারণে ভূমি কমিশন সক্রিয় হতে পারছে না বলে তিনি জানান।উদ্বাস্তু পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নেই: পার্বত্য চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলার অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের চিহ্নিত করে টাস্কফোর্সের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু পুনর্বাসনের উদ্যোগ ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ উদ্বাস্তুদের তালিকা ঘোষণার পর। ২০০৯ সালের ২৩ মার্চ খাগড়াছড়ি থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। এরপর বেশ কয়েকবার টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হলেও পুনর্বাসন কার্যক্রমে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ জনসংহতি সমিতির। জনসংহতি সমিতি ও শরণার্থী কল্যাণ সমিতি অ-উপজাতীয়দের (বাঙালি) অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে আপত্তি তুলেছে। সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা এ বিষয়ে বলেন, এই তালিকা প্রাথমিক। পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হলে এ নিয়ে বিরোধের অবসান ঘটবে। পুনর্বাসন-প্রক্রিয়ার ধীরগতি সম্পর্কে তিনি বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি না হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার গতি কমে গেছে। সব অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহার হয়নি: পার্বত্য চুক্তির শর্ত অনুযায়ী বিজিবি ও তিন জেলা সদরে তিনটি এবং আলিকদম, রুমা ও দীঘিনালায় ছয়টি স্থায়ী সেনানিবাস ছাড়া সামরিক বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব অস্থায়ী ক্যাম্প পর্যায়ক্রমে স্থায়ী সেনানিবাসে ফেরত নেওয়ার কথা। জনসংহতি সমিতির অভিযোগ, দুই শতাধিক সেনা ছাউনি প্রত্যাহার করা হয়েছে বলে সরকার দাবি করছে। কিন্তু ৩১টি সেনা ছাউনি ছাড়া আর কোনো ছাউনি প্রত্যাহারের তালিকা পার্বত্য চুক্তি মোতাবেক তাদের কাছে জমা দেওয়া হয়নি বা চিঠি পাঠানো হয়নি। এ ছাড়া ২০০১ সালে ‘অপারেশন উত্তরণ’ জারি করা হয়, যা এখনো বলব ৎ রয়েছে। অপারেশন উত্তরণ-সংক্রান্ত কোনো চিঠিও জনসংহতি সমিতির কাছে পাঠানো হয়নি। পার্বত্য জেলা পরিষদে বিষয় বিভাগ হস্তান্তর ও নির্বাচন: পার্বত্য চুক্তিতে পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) পরিষদের আওতায় সরকারের ৩৩টি বিভাগ হস্তান্তরের কথা থাকলেও এখনো সব বিভাগ হস্তান্তর করা হয়নি। আইনশৃঙ্খলা, পুলিশ (স্থানীয়), ভূমি ও ভূমি-ব্যবস্থাপনা, পরিবেশ ও বন এবং পর্যটনসহ গুরুত্বপূর্ণ ১২টি বিভাগ এখনো হস্তান্তর করা হয়নি।চুক্তি অনুযায়ী জেলা পরিষদগুলোদের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। বর্তমানে সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে পরিষদ পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য জেলা পরিষদের নির্বাচন নিয়ে আদালতে মামলা হওয়ায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ: ১৯৯৮ সালের ৬ মে আইন প্রণীত হওয়ার পর ১৯৯৯ সালের মে মাসে অন্তর্বর্তীকালীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়। চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা, পৌরসভা ও স্থানীয় পরিষদগুলো তত্ত্বাবধান ও সমন্বয় করার কথা আঞ্চলিক পরিষদের। তবে কার্যবিধিমালা প্রণয়ন না হওয়ায় আঞ্চলিক পরিষদ এই কাজ করতে পারছে না। ২০০১ সালে এ ব্যাপারে পরিপত্র জারি করা হলেও এর কোনো অগ্রগতি হয়নি।