পার্বত্য চুক্তির ১৫ বছর পূর্তি হলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশ আদিবাসী জনগণ। সরকার পার্বত্য চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়ন করেছে দাবি করলেও জনসংহতি সমিতি বলছে, চুক্তি বাস্তবায়নের গতি সন্তোষজনক নয়।পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ কয়েক যুগের সশস্ত্র আন্দোলনের অবসানের ঘোষণা দিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতি বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পার্বত্য চট্টগ্রামে দিবসটি পালিত হচ্ছে। এদিকে চুক্তি বাস্তবায়নের গতি সন্তোষজনক নয় বলে অভিযোগ জনসংহতি সমিতির। সরকারের নীতিনির্ধারকদের আন্তরিকতার অভাবেই চুক্তির বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করেন জনসংহতির নেতৃস্থানীয় ব্যক্তিরা। গত ২৮ নভেম্বর নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বর্তমানে অস্থিতিশীল ও অশান্ত। এভাবে কোনো কিছু চলতে পারে না। যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে।’পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক মহল ও সুশীল সমাজের মতে, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে সামাজিক রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটছে। আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলো একে অন্যের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছে। এ ছাড়া জাতিগত সহিংসতা ও নারী নির্যাতনও বাড়ছে আশঙ্কাজনকহারে।জনসংহতি সমিতির অভিযোগ: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সময়সূচিভিত্তিক পরিকল্পনার (রোডম্যাপ) ভিত্তিতে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধনেরও সিদ্ধান্ত হয়েছিল। গত ৩০ জুলাই আন্তমন্ত্রণালয় সভায় ভূমি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনের সিদ্ধান্ত হলেও তা সংসদে উত্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনো।এ ব্যাপারে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য ভূমি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনে মতৈক্য হলেও এখনো সেই সিদ্ধান্তের কার্যবিবরণীও তৈরি হয়নি। সংসদে সংশোধন আইন উত্থাপন অনেক দূরের বিষয়। এ কারণে ভূমি সমস্যার সমাধান হচ্ছে না।’ পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালা অনুমোদন ও তিন পার্বত্য জেলা পরিষদের কার্যবিধিমালা সংশোধনের দাবি জানান সন্তু লারমা।জনসংহতির অভিযোগ, চুক্তি অনুযায়ী সব সরকারি বিভাগ তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের কথা থাকলেও সেটাও বাস্তবায়ন হয়নি। পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, মাধ্যমিক শিক্ষা, বন ও জুমচাষ ইত্যাদি বিভাগ জেলা পরিষদের কাছে হস্তান্তরের কথা থাকলেও এখনো হস্তান্তর করা হয়নি। এ ছাড়া এ সরকারের সময়ে ৩৫টি সেনাক্যাম্প ও কাপ্তাই ব্রিগেড কার্যালয় প্রত্যাহার করা হলেও চুক্তি অনুযায়ী সব সেনাক্যাম্প প্রত্যাহারের দাবি জনসংহতির।সরকারের বক্তব্য: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত আছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। জেলা পরিষদগুলোর কাছে সরকারি বিভাগ হস্তান্তরের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেগুলো হস্তান্তর করা হবে।’তিনি আরও বলেন, ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে।’