চুনতি অভয়ারণ্যে কুকরি সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে দুর্লভ কুকরি সাপের সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যািলয়ের একদল বিজ্ঞানী। কুকরি স্নেক নামে পরিচিত এই সাপ বাংলাদেশে আছে বিজ্ঞানীদের এমন ধারণা থাকলেও এর পক্ষে এত দিন কোনো প্রমাণ ছিল না। এবারই প্রথম এই জাতের সাপের উপস্থিতির প্রমাণ মিলল। দীর্ঘ ১০ বছর অনুসন্ধানের পর চুনতিতে এই সাপের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজের নেতৃত্বে সাত সদস্যের একটি দল গত এপ্রিল মাস থেকে চুনতি অভয়ারণ্যে জীববৈচিত্র্যের ওপর জরিপ কার্যক্রম চালাচ্ছেন। জরিপ চালাতে গিয়ে দুর্লভ এই সাপের সন্ধান পান তাঁরা।মোস্তফা ফিরোজ জানান, গত সেপ্টেম্বরে চুনতি অভয়ারণ্যের জলদি রেঞ্জ এলাকায় তাঁরা কুকরি সাপের সন্ধান পান। নির্বিষ এই সাপ প্রায় ৩২ ইঞ্চি লম্বা। ২০০৩ সালে আন্তর্জাতিক বন্য প্রাণী সংরক্ষণ সংস্থা আইইউসিএন বাংলাদেশে কুকরি সাপ থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে। তবে এত দিন দেশের ভেতর কোথাও সাপটির দেখা মেলেনি। মোস্তফা ফিরোজ বলেন, ‘সাপটির তথ্য আমরা সিঙ্গাপুর এবং ভারতে পাঠানোর পর নিশ্চিত হই এটি সাদা দাগের কুকরি সাপ।’চুনতি অভয়ারণ্যে আরও নতুন প্রজাতির পাখি ও বৃক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে গবেষক দল জানান। দলটি ইতিমধ্যে চুনতি অভয়ারণ্যে ৫২ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী, ১২ প্রজাতির মাছ, ১৯ প্রজাতির উভচর, ৯৩ প্রজাতির পাখি, ৩৬ প্রজাতির সরীসৃপ এবং ১২ প্রজাতির স্তন্যপায়ীর উপস্থিতি নিশ্চিত করেন। মোস্তফা ফিরোজ জানান, চুনতিতে বন উজাড় হলেও এখানে এখনো যথেষ্ট জীববৈচিত্র্য রয়েছে। উল্লেখ্য, চুনতি অভয়ারণ্য বন্য প্রাণী সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাতিসংঘ ইকুয়েটর পুরস্কার পায়।