চুনতি অভয়ারণ্যে সবুজের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ ও প্রকৃতির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। কিন্তু জনসংখ্যার চাপ ও নানা অব্যবস্থাপনায় দেশ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রকৃতির চিরসবুজ গাছপালা ও পশুপাখি। এমন হতাশার সংবাদের মাঝেও প্রকৃতিপ্রেমীদের আশার আলো দেখাচ্ছে লোহাগারার চুনতি অভয়ারণ্য। ১৯ হাজার ১৭৭ একর আয়তনের এ অভয়ারণ্যে রয়েছে ১২ লাখের বেশি বৃক্ষ। এখানে বন বিভাগ ২০০৭-০৮ অর্থবছরে ইউএসএইডসের অর্থায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে তৈরি করেছে প্রকৃতিবীক্ষণকেন্দ্র। নির্মাণকাজ চলছে আরও কিছু স্থাপনার। প্রকৃতিবীক্ষণকেন্দ্রে এলে উপভোগ করা যায় বনপুকুর ফুট ট্রেইল, জাঙ্গালিয়া ফুট ট্রেইল, প্রকৃতি ব্যাখ্যাকেন্দ্র, শত বছরের পুরোনো গর্জন গাছসহ বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ। রয়েছে হাতি, বানর, মেছোবাঘ, অজগরসহ নানা প্রজাতির বিলুপ্তপ্রায় পশু-পাখি। তবে অভয়ারণ্যের ভেতরে প্রবেশ ও ভ্রমণ করতে হলে বাংলাদেশিদের জনপ্রতি ১০ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য তিন ডলার অথবা সমমানের টাকা প্রবেশের ফি হিসেবে দিতে হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীন আইপেকের (ইন্টিগ্রেটেড প্রোটেকটেড এরিয়া কো-ম্যানেজমেন্ট প্রজেক্ট) সহযোগিতায় ২৮ সদস্যের কমিটি চুনতি অভয়ারণ্যের বিভিন্ন কার্যক্রম দেখাশোনা করে। ভ্রমণ পরিকল্পনা: চুনতি অভয়ারণ্যের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. মোর্শেদ জানান, এখানে ভ্রমণে আসার সময় আরামদায়ক জুতা বা কেডস পরে নেওয়া ভালো। চোখে চশমা, টুপি এবং বর্ষাকালে ছাতা ও গামবুট থাকা দরকার। প্রয়োজনমতো হালকা খাবার ও পানীয় এবং দূর থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নিতে পারেন বাইনোকুলার। অতিরিক্ত সতর্কতা হিসেবে মোজা লবণ-পানিতে ভিজিয়ে নিতে পারেন। চট্টগ্রাম শহরের বহাদ্দারহাট বাসটার্মিনাল থেকে বাস বা মিনিবাসে দুই ঘণ্টায় চুনতি আসা যায়। মাইক্রোবাস বা কারে আসা যায় আরও কম সময়ে। বনপুকুর ফুট ট্রেইল: পায়ে হাঁটার পথটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতির বনপুকুরের কাছ থেকে শুরু হয়ে অভয়ারণ্যের ভেতর আড়াই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যেতে যেতে নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সঙ্গে সঙ্গে দেখা মিলতে পারে এশীয় বন্যহাতির। পথে পাবেন সাতটি পর্যবেক্ষণকেন্দ্র, শতবর্ষী গর্জনগাছসহ নানা জাতের ফলদ গাছ ও বিশ্রামস্থল। জাঙ্গালিয়া ফুট ট্রেইল: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া স্থান থেকে শুরু সাড়ে তিন কিলোমিটারের জাঙ্গালিয়া ফুট ট্রেইল। এ পথে যেতে যেতে দেখবেন গর্জন, বাঁশ, বিভিন্ন প্রজাতির লতাগুল্মসমৃদ্ধ সবুজ বনানী। রয়েছে নয়টি পর্যবেক্ষণকেন্দ্রসহ হাতির অবাধ বিচরণ, পানের বরজ, সাময়িক বিশ্রামস্থল ও পর্যবেক্ষণ টাওয়ার।প্রকৃতিবীক্ষণকেন্দ্র: আকর্ষণীয় নকশায় তৈরি দোতলা প্রকৃতিবীক্ষণকেন্দ্রে পাবেন পশুপাখির ডাক শোনাসহ অতীত এবং বর্তমান বন ও বন্যপ্রাণী সম্পর্কে ধারণা, তথ্য ও ছবি। আরও দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের ডিজিটাল চিত্র। থাকা ও খাওয়ার স্থান: বন্যপ্রাণী গবেষক, শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীদের জন্য চুনতি বিট কার্যালয়ে রয়েছে স্টুডেন্ট ডরমেটরি, বন বিভাগ ও জেলা পরিষদের বিশ্রামাগার এবং স্বেচ্ছাসেবী সংস্থা পথিকৃতের বিশ্রামাগার। এগুলোতে ৫০-৩০০ টাকার মধ্যে রাতযাপন করা যায়। ট্যুর গাইড: এখানে আপনার ভ্রমণে সহায়তা করতে রয়েছে ইকো গাইড। যাঁদের রয়েছে এ অরণ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা। তাঁদের আন্তরিক সহযোগিতা আপনার ভ্রমণ উপভোগ্য ও আনন্দময় করবে। চুনতি অভয়ারণ্যের সহকারী বন সংরক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করেছেন। তিনি আরও জানান, এখানকার প্রকৃতি সংরক্ষণে কৃত্রিম হ্রদ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়—এমন কোনো কার্যক্রম এখানে করতে দেওয়া হয় না। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় লোকবলের সংকট রয়েছে বলে জানান তিনি।