নগরে অতিথি অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৩৯ বছরে পদার্পণ উৎসবে যোগ দিতে চট্টগ্রাম এসেছিলেন শিল্পী দম্পতি
চুপি চুপি মঞ্চে এসে হাজির হতাম
‘আমরা যে সময়টাতে কাজ করা শুরু করি, তখন সবকিছু এত সহজ ছিল না। আমাদের পরিবার ছিল খুব রক্ষণশীল। মঞ্চে এসে মেয়েদের কাজ করাটা কঠিন ছিল। তার পরও ভাইদের সাহায্য নিয়ে চুপি চুপি মঞ্চে এসে হাজির হতাম। আসলে সবকিছুর মূলে হচ্ছে ভালোবাসা; ভালোবাসা থাকতে হবে। এই যে এখানে এসেছি, লোকজন এত ভালোবাসছে তা-ও কাজের জন্যই।’মঞ্চের সঙ্গে নিজের ভালোবাসার অনুভূতিটুকু এভাবে প্রকাশ করেন নাট্যজন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। সঙ্গে ছিলেন তাঁরই জীবন ও মঞ্চের সঙ্গী রামেন্দু মজুমদার। তিনিও চোখের ভাষায় ফেরদৌসীর কথায় সায় দিলেন। অরিন্দমের ৩৯ বছরে পদার্পণ উৎসবে যোগ দিতে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম এসেছিলেন এ শিল্পী দম্পতি। এই উৎসবে চট্টগ্রামের নাট্যপ্রেমীদের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধার চিহ্ন হিসেবে ফেরদৌসী মজুমদারের হাতে তুলে দেওয়া হয় ‘সদরুল পাশা স্মারক’। শিল্পকলা একাডেমীতে শত ভক্তের ভিড়ে থেকেও কথা বলছিলেন তাঁরা দুজন।প্রথমেই সদরুল পাশা সম্পর্কে রামেন্দু মজুমদার বলেন, ‘সদরুল পাশাকে আমি প্রথম দেখি ঢাকায় এক মঞ্চনাটকে। তিনি মঞ্চে অভিনয় করছেন আর তাঁদের স্যার মমতাজউদ্দীন আহমদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, যদি মঞ্চ থেকে নেমে ছাত্রের প্রয়োজন হয়...। এ ব্যাপারটি দেখে খুব মজা পেয়েছিলাম। এরপর আরও অনেকবার দেখা হয়েছে।’ এর সঙ্গে আরেকটু যোগ করে ফেরদৌসী মজুমদার বলেন, ‘সদরুল পাশার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা নেই। তবে তাঁর কাজ দেখেছি। এককথায় প্রতিভাবান অভিনেতা ও সংগঠক ছিলেন, যদিও খুব কম সময়ে চলে গেছেন। তাঁর নামটি জড়িত আছে দেখেই আমার এখানে আসা।’ চট্টগ্রামের মঞ্চনাটক সম্পর্কে বলতে গিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, মঞ্চনাটকে ঢাকার পরই চট্টগ্রামের অবস্থান। এখানে বেশ সম্ভাবনা আছে; কিন্তু এদের প্রধান অন্তরায় হচ্ছে মঞ্চ। মঞ্চ না থাকলে নাটক হবে কোথায়? গ্রুপ থিয়েটার কর্মীদের পক্ষে বিশেষ ভাড়া দিয়ে মঞ্চনাটক করা সম্ভব না। আপনাদের সময় কর্মীদের মঞ্চের জন্য ছিল অকৃত্রিম ভালোবাসা, কাজে ছিল একাগ্রতা। কিন্তু এখনকার মঞ্চকর্মীদের মধ্যে তা দেখা যায় না বলে অভিযোগ করেন অনেকে। এর জন্য দায়ী কে? ফেরদৌসী মজুমদার বলেন, ‘এর প্রধান কারণ আমাদের পারিপার্শ্বিক অবস্থা, রাজনৈতিক অস্থিরতা, নিষ্ঠার অভাব। এক দিক থেকে মিডিয়াও অনেকাংশে দায়ী। কেউ ভালো কাজ না করেও বিশাল কাভারেজ পায়, আবার অনেকে ভালো কাজ করেও ফোকাস হয় না। এ কারণে অনেকে উৎসাহ হারায়।’তবে শত প্রতিকূলতার মধ্যেও দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সাফল্য আসবেই—এমনটাই মনে করেন দুজনেই। তাঁদের মতে, শুধু খেয়েদেয়ে বেঁচে থাকার মধ্যে সুখ নেই। কাজের মাধ্যমে একটা স্থান করে নেওয়া বা মানুষের মনে জায়গা করে নেওয়ার মধ্যে দারুণ একটা সুখ আছে, আছে ভালো লাগা। এ জন্য কোনো কিছু অর্জন করতে সাধনা, নিষ্ঠা ও বিদ্যাবুদ্ধির প্রয়োজন আছে।রামেন্দু মজুমদার বলেন, ‘সুযোগ পেলেই চলে আসি বিভিন্ন নাটকের দলের অনুষ্ঠানে। এখানে বেশ ভালোই কাজ হচ্ছে। রয়েছে প্রচুর সম্ভাবনাময় কর্মী। আরও সুযোগ-সুবিধা পেলে তারা এগিয়ে যাবে।’ অবশ্য ফেরদৌসী মজুমদারের চট্টগ্রামে তেমন আসা হয় না। তবে আসতে না পারলেও এখানকার প্রকৃতি তাঁকে খুব টানে।