চুমকি ও পাথরখচিত কাপড়ের কদর রাঙ্গুনিয়ায়
রাঙ্গুনিয়ার বিলাসবহুল বিপণিকেন্দ্রসহ হাটবাজারগুলো ঈদের কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে। তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের পদচারণায় অন্য রকম প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিপণিকেন্দ্রগুলোতে। মেয়েরা চুমকি আর বর্ণিল পাথরে সাজানো শাড়ি, সালোয়ার-কামিজ ও গয়না কিনছেন বেশি। তবে ক্রেতাদের ভিড় দেখে ব্যবসায়ীরা বেশি দাম হাঁকছেন বলে সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর রোয়াজারহাট ও দোভাষি বাজার, রানীরহাট, ধামাইরহাট, শান্তিরহাট, গোচরাবাজার, সরফভাটা ক্ষেত্রবাজার ও পদুয়া রাজারহাটসহ প্রায় সব বাজারে এখন ঈদের জমজমাট কেনাকাটা চলছে। তবে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি পৌরসদর রোয়াজারহাট ও দোভাষি বাজারের বিপণিকেন্দ্রগুলোতে। রোয়াজারহাট রুবেল সুপার মার্কেটের ফ্রেন্ডশিপের মালিক আবদুল খালেক জানান, তাঁর বিপণিতে বিভিন্ন ধরনের কাপড়-চোপড়, জুতা ও প্রসাধনসামগ্রীর চারটি কর্নার রয়েছে। গরিব থেকে উচ্চবিত্তের সামর্থ্য ও চাহিদার দিকে খেয়াল রেখে পণ্য সংগ্রহ করা হয়েছে। একদামে পণ্য বিক্রির ব্যবস্থা থাকায় দাম নিয়ে ক্রেতা ঠকানোর কোনো সুযোগ নেই। তিনি জানান, এবার ঈদে চুমকি আর পাথরের কারুকাজ করা শাড়ি, সালোয়ার-কামিজের দিকে তরুণীদের নজর বেশি। দাম একটু বেশি হলেও অনেকে এসব কাপড় কিনছেন। এ পর্যন্ত আশাতীত কাপড় বিক্রি হয়েছে বলে তিনি জানান। রোয়াজারহাটের বাদশা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বাদশা আলম জানান, তাঁর দোকানে পাথর ও মিনা করা নানা ধরনের দেশি-বিদেশি গয়না রয়েছে। নিম্ন থেকে উচ্চবিত্তের ক্রেতারা চাহিদামতো পণ্য এখানে পাচ্ছেন। বিক্রিও হচ্ছে ভালো। তবে দাম বেশি হওয়ায় পাথরের গয়না কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা।রোয়াজারহাটে কেনাকাটা করতে আসা মুরাদনগর পৌর এলাকার লুবনা রহমান (১৮) জানান, চুমকি আর পাথরের কারুকাজ করা সালোয়ার-কামিজ চার হাজার ২০০ টাকায় কিনেছেন তিনি। গত বছর একই মানের পোশাকের দাম ছিল তিন-সাড়ে তিন হাজার টাকা। চন্দ্রঘোনা বনগ্রামের আরজানা খানম (২৮) দোভাষি বাজারে শাড়ি কেনার সময় বলেন, ‘আমি চুমকি আর পাথরের কারুকাজ করা একটি শাড়ি কিনতে চেয়েছি। দোকানি দাম চেয়েছেন আট হাজার টাকা। সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত বলেছি। কিন্তু দিচ্ছেন না। অথচ একই মানের শাড়ি গত বছর তিন হাজার টাকায় বিক্রি হয়েছে।’ বিআইজেড বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী লিলি ইয়াছমিন জানায়, ‘আমি একটি লেহেঙ্গা দুই হাজার ৬০০ টাকা এবং এক জোড়া বাটা জুতা ৭০০ টাকায় কিনেছি। এ ছাড়া, হাতব্যাগ, হাতের চুড়িসহ প্রায় দুই হাজার ৩০০ টাকার প্রসাধনসামগ্রী কিনেছি। এসবের দামও গত বছরের তুলনায় বেড়েছে। তবুও ঈদে তো নতুন জামা, নতুন প্রসাধনী লাগবে। তাই চোখ বন্ধ করে কিনে ফেলেছি।’