চুয়েটের মেধাবী ছাত্র সোহেলকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল
সোহেল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. সোহেল উদ্দিন (২১) দুরারোগ্য রোগে আক্রান্ত। তাঁকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। 
সোহেলের বাবা মো. জসিম উদ্দিন কৃষিকাজ করেন এবং মা বিলকিস আক্তার গৃহিণী। তাঁদের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে সোহেল দ্বিতীয় সন্তান। নিজের একক প্রচেষ্টায় ও শিক্ষকদের সহযোগিতায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন অদম্য এই মেধাবী। ১৫ কিলোমিটার দূরের গ্রামের বাড়ি থেকে আসা-যাওয়া করে তিনি চুয়েটে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ‘রাইট প্রসটেরিয়র সেরেব্রাল আরটারি অ্যানিউরিজম’ নামের জটিল রোগে আক্রান্ত হয়েছেন সোহেল। এ রোগের কারণে মাথায় প্রচণ্ড ব্যথা হয় এবং রোগী ঠিকমতো কোনো কাজ করতে পারেন না। বর্তমানে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন। হাপাতালের নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সুভাষ কান্তি দের অধীনে চিকিৎসাধীন তিনি। দ্রুত অস্ত্রোপচার করা না হলে তাঁর রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে বলে জানান চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য সোহেলকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। তাঁর চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন হবে।
কিন্তু সোহেলের পরিবারের পক্ষে চিকিৎসার এত খরচ দেওয়া অসম্ভব। তাই তাঁরা সন্তানকে বাঁচাতে সমাজের সব শ্রেণির মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সোহেলের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা—মো. সোহেল উদ্দিন, হিসাব নম্বর: ০০১২২০০০৩১৫৬৯, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. রানিরহাট শাখা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।