চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেস থেকে বের হতে না হতেই তুমুল বৃষ্টিতে ভিজে একাকার। মোড় ঘুরেই দেখি, একটি পেয়ারাগাছ। গাছভর্তি বড় বড় পেয়ারা দেখে প্রথমে ভাবলাম, এই পরিবারে কিংবা আশপাশে আমাদের মতো কোনো দুষ্ট ছেলে নেই। তা না হলে রাস্তার ধারে বড় পেয়ারা ফলের এই গাছ! বিপ্লব রাস্তার সামনে-পেছনে, আর আমি মাথা উঁচু করে গেটের ওপর দিয়ে তাকিয়ে দেখছি। বাসার দরজা-জানালা সব বন্ধ। এ যেন এক সুবর্ণ সুযোগ—এই বলে আমি গাছে উঠে যাই। দু-এক মিনিটে দুজনের পকেটভর্তি পেয়ারা। একটু পরে পাশের বাড়ি থেকে ছাতা মাথায় এক মহিলাকে আসতে দেখে বিপ্লব আমাকে রেখে দৌড়াচ্ছে। গাছ থেকে আমার নামতে দেরি হওয়ায় মহিলা প্রায় কাছে এসে বলে, ‘বাড়ির মালিক খুব হাড়কৃপণ, ফল গাছ থেকে ঝরে পড়লেও কাউকে একটি পেয়ারা দেবে না, দৌড়াদৌড়ি করে লাভ নেই, আমাকে কয়েকটি দিয়ে দেন, আমি চলে যাই।’ বলে চারটি বড় পেয়ারা নিয়ে মহিলা চলে যায়। বিপ্লব ফিরে আসাতে আবার গাছের ডালে উঠে যাই। হঠাৎ গেট খোলার শব্দ শুনে দিই দৌড়। পেছন থেকে একটি শব্দ কানে আসছে, কে যেন কামাল স্যার বলে ডাকছে। তাকিয়ে দেখি, গত বছর কোচিংয়ে পড়ানো আমারই এক ছাত্রী। মন চায় আরও জোরে দৌড় দিই; কিন্তু বিবেকের তাড়নায় মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে, নিচের দিকে তাকিয়ে হাতের আঙুল ফোটাই। বয়সে ছোট হলে না হয় ভেউ ভেউ করে কেঁদে দিতাম। বৃষ্টি আর চোখের জল এক হয়ে গেলে করুণায় ছেড়ে দিত। কিন্তু তা আর পারছি না। কী চরম লজ্জার মুহূর্ত! ‘স্যার, ভয় নেই, ছাতার নিচে এসে দাঁড়ান।’ সেদিন কোনো রকম জোড়াতালি দিয়ে কথা শেষ করে বাসায় ফিরে আসি। এর পর থেকে কোনো কাজেই মন বসছে না। রাতে অপরিচিত নম্বর রিসিভ করেই বুঝতে পারি, ছাত্রীর কণ্ঠ। তা-ও আবার পেয়ারা চোর বলে সম্বোধন। এ যেন ‘কাটা গায়ে নুনের ছিটা’। দু-একটি কথা বলে ফোন রেখে দিই। আবার ফোন করে বলে, যদি কথা ঠিকমতো না বলি, সবাইকে বলে দেবে। এই ভয় দেখিয়ে আজ চার বছর কথা বলে যাচ্ছে!মো. কামাল হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।