চুরি, ছিনতাই রোধে স্বয়ংক্রিয় সড়কবাতি!
সন্ধ্যা নামলেই শুরু হয় চোর ও ছিনতাইকারীর উৎপাত। অপরাধ কর্মকাণ্ড রোধে পেকুয়ার পাঁচ কিলোমিটার সড়কে লাগানো হয়েছে ৪৫টি সড়কবাতি। সৌরবিদ্যুৎ–চালিত এই বাতি অন্ধকার নামলেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। আবার সকালে সূর্যের আলো পড়লে নিভে যাবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌমুহনী পর্যন্ত, মৌলভীপাড়া ও বাজারের অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে সড়কে সৌরবিদ্যুৎ–চালিত বাতি লাগানো হয়েছে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহনেওয়াজ আজাদ বলেন, ‘পেকুয়া উপজেলায় বেশির ভাগ সময়ে বিদ্যুৎ থাকে না। এ সুযোগে সন্ধ্যায় ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও জিনিসপত্র লুটে নেয়। এ ছাড়া রয়েছে চোরের উৎপাতও। এখন সন্ধ্যার পরই জ্বলে উঠে সড়কবাতি। এতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে মানুষ।’
বাঘগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘বাতি লাগানো সড়কের কিছু অংশ ভয়ংকর ছিল। অন্ধকারে মানুষ পথ চলতে ভয় পেতেন। এখন সেই ভয় দূর হয়েছে।’
পেকুয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১০ লাখ টাকা ব্যয়ে ৪৫টি সৌরবিদ্যুৎ–চালিত সড়কবাতি লাগানো হয়। এর মধ্যে দুটি প্রকল্পের আওতায় পাঁচ লাখ টাকা দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বাকি পাঁচ লাখ টাকা পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অনুদান নিয়েছেন। প্রতিটি সড়কবাতি স্থাপনে ২০ হাজার টাকা খরচ হয়েছে।
ইউএনও মো. মারুফুর রশিদ খান বলেন, ‘পেকুয়ায় যোগদানের পর থেকে দেখছি বেশির ভাগ সময়ে বিদ্যুৎ থাকে না। সন্ধ্যা হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।’ তিনি বলেন, ‘চুরি, ছিনতাই রোধে সড়কবাতি কাজ দিতে পারে।’