চুরি ঠেকাতে ট্রান্সফরমারে তালা ও শেকল

বিদ্যুতের খুঁটির সঙ্গে শেকল দিয়ে বাঁধা হয়েছে ট্রান্সফরমার। শেকলের সঙ্গে ঝুলছে তালাও। আনোয়ারায় বিভিন্ন গ্রামে এখন এভাবে ট্রান্সফরমার চুরি ঠেকানোর অভিনব উদ্যোগ নিয়েছেন পল্লীবিদ্যুতের স্থানীয় গ্রাহকেরা। আর এতে কাজও হচ্ছে। ট্রান্সফরমার চুরিও কমেছে আগের চেয়ে।
সরেজমিন দেখা গেছে, উপজেলা রায়পুরের গহিরা, চুন্নাপাড়া, ছিপাতলী ঘাটসহ কয়েকটি গ্রামের বিদ্যুতের খুঁটিতে শোভা পাচ্ছে শেকল ও তালা লাগানো ট্রান্সফরমার। কেন এমন ব্যবস্থা? জানতে চাইলে স্থানীয় পল্লীবিদ্যুতের গ্রাহকেরা বলেন, ইদানীং ব্যাপকভাবে ট্রান্সফরমার চুরি বেড়ে গেছে। আর চুরি ঠেকাতে পল্লীবিদ্যুৎ বিভাগেরও কোনো উদ্যোগ নেই। তা ছাড়া ট্রান্সফরমার চুরি গেলে গ্রাহকদেরই চাঁদা তুলে নতুন ট্রান্সফরমার কিনে দিতে হয়। এই ঝামেলা এড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে গহিরা গ্রামের বিদ্যালয় শিক্ষক জাহাঙ্গীর আলম (৩৭) তাঁর দুর্ভোগের বিষয়টি তুলে ধরলেন। তিনি বলেন, ‘আমাদের বাড়ির ট্রান্সফরমারটি দুইবার চুরি হয়েছে। দুইবারই টাকা তুলে আমরা ট্রান্সফরমার লাগিয়েছি। ফলে অনেক টাকা লোকসান হয়েছে। তাই চুরি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছি।’
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, উপজেলার ১১ ইউনিয়ন ও কর্ণফুলী থানার দুই ইউনিয়ন মিলিয়ে আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের গ্রাহক আছেন ৩১ হাজার ৫৭৮ জন। গ্রাহকদের সেবা দিতে ওই কার্যালয়ে ২০ জন লাইনম্যান, দুজন সহকারী প্রকৌশলী ও একজন উপমহাব্যবস্থাপক আছেন। কিন্তু এই লোকবল দিয়ে গ্রাহকের সব সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানান সংস্থার কর্মকর্তারা। ফলে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরিও ঠেকানো যাচ্ছে না। ভোগান্তি এড়াতে এবার গ্রাহকেরাই অভিনব উদ্যোগ নিয়েছেন।
আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, ‘অনেক জায়গায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে, তাই আমরাও গ্রাহকদের সচেতন হতে উদ্বুদ্ধ করছি।’
তিনি আরও বলেন, ‘এখন গ্রাহকেরা অনেক বেশি সচেতন তাই আগের তুলনায় এখন চুরি অনেকটাই কমে এসেছে। তা ছাড়া আমরা চুরি ঠেকাতে গ্রাহকসভা করে যাচ্ছি নিয়মিত।’