চুরি ঠেকাতে রাত জেগে হলুদখেত পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে পাহাড়ে চাষ করা কাঁচা হলুদ চুরি হয়ে যাচ্ছে। গত ১৫ দিনে ১২ জন কৃষকের খেত থেকে হলুদ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চুরি ঠেকাতে কৃষকেরা এখন রাত জেগে হলুদখেত পাহারা দিচ্ছেন। কৃষকেরা জানান, ওয়াগ্গা ও চন্দ্রঘোনা ইউনিয়নে চাষ করা বাগান থেকে হলুদ চুরির ঘটনা ঘটছে বেশি। চাষি শাহাদাৎ হোসেন জানান, তিনি ৫০ শতক জমি থেকে প্রায় ১০ মণ হলুদ পাবেন বলে আশা করেছিলেন। দুচার দিনের মধ্যে বাগান থেকে হলুদ সংগ্রহের পরিকল্পনা ছিল। এ জন্য শ্রমিকও নিয়োগ করেন। কিন্তু বাগানে গিয়ে হলুদ খোঁড়া দেখে তিনি থমকে যান। পুরো খেতের হলুদ তুলে নিয়ে গেছে চোরের দল। ওয়াগ্গা ইউনিয়নের মতিলাল তঞ্চঙ্গ্যা জানান, তাঁর খেতের হলুদও চুরি হয়ে গেছে। তিনি দুই একর পাহাড়ে হলুদ চাষ করেছিলেন। ইতিমধ্যে অল্প কিছু হলুদ তোলেন। বাকি হলুদ একসঙ্গে তুলবেন বলে ঠিক করেন। হলুদ বিক্রির জন্য আগাম ক্রেতাও ঠিক করে রেখেছিলেন। কিন্তু এখন বাগানের বেশির ভাগ হলুদ চুরি হয়ে গেছে।স্থানীয় লোকজন জানান, উপজেলার কিছু পাহাড়ি এলাকা হলুদ চাষের জন্য বেশ উপযোগী। এসব মাটিতে হলুদের চাষ অনেক ভালো হয়। বাজারে এই হলুদের চাহিদাও বেশি। গত বছর কাপ্তাই উপজেলার অনেক চাষি হলুদ বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। তাই এ বছর অনেকে হলুদ চাষ করেন। কিন্তু হঠাৎ চুরির ঘটনায় চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ ব্যাপারে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংলাচিং মারমা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজারে হলুদের দাম বেশি হওয়ায় এসব এলাকার হলুদের প্রতি কারও কারও নজর পড়েছে। সম্ভবত টোকাই শ্রেণীর কিশোরেরা এই চুরির সঙ্গে জড়িত। এরা সুযোগ বুঝে এসব অপকর্ম করে বেড়ায়। তবে তিনি চুরি বন্ধে এলাকায় চৌকিদার বাড়াবেন বলে জানান। চাষি আলো তঞ্চঙ্গ্যা বলেন, হলুদ তোলার সময় হয়ে গেছে। চোরের উপদ্রব বেড়ে গেছে । চুরি ঠেকাতে এখন রাত জেগে হলুদখেত পাহারা দিতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুর রহমান জানান, খেতে চুরির কোনো খবর তিনি পাননি। তবে তিনি বলেন, হলুদের দাম এখন বেশি। তাই চুরির ব্যাপারে চাষিদের সতর্ক থাকতে হবে।