চুরি হচ্ছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গাছ
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে লাগানো বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ রাতের আঁধারে কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর থেকে চন্দ্রঘোনার লিচুবাগান এলাকা পর্যন্ত সড়কের প্রায় ১২ কিলোমিটার অংশে বেশি গাছ চুরি হচ্ছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর একাধিক ডায়েরি করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।সওজ সূত্রে জানা গেছে, গত কয়েক দশকে ৩৪ কিলোমিটার সড়কের দুই পাশে রেইনট্রি, সোনালু, আম, জাম, কাঁঠাল, মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এসব গাছ বর্তমানে বড় হওয়ায় গাছচোরদের নজরে পড়েছে। সংঘবদ্ধ গাছচোরেরা গত তিন বছরে প্রায় দেড় হাজারের বেশি গাছ চুরি করে নিয়ে গেছে। গত ১০ মাসে এ এলাকা থেকে চুরি হয়েছে সাত শতাধিক গাছ। ২০১০ ও ২০০৯ সালে চুরি হয়েছে আরও আট শতাধিক গাছ। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় প্রায় ৪০টির বেশি ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। কিন্তু পুলিশ এর পরও কোনো ব্যবস্থা নেয়নি। সওজ বিভাগের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান জানান, এ বছরের ২৮ অক্টোবর চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে গাছ কাটার সময় পুলিশ চারজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। গাছ জব্দ ও থানায় ডায়েরি করায় সওজের কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে চোরেরা। সওজ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা আঞ্চলিক কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে স্থানীয় একটি চক্র সড়কের গাছ কেটে বিক্রি করছে। এদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করতে গেলে পুলিশের হাতে উল্টো নাজেহাল হতে হয় আমাদের। ফলে গাছচোরেরা বেপরোয়াভাবে সড়কের গাছ চুরি করে নিয়ে যাচ্ছে।’রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী পরিচয়ে কতিপয় দুর্বৃত্ত সড়কের দুই পাশে সওজ বিভাগের লাগানো গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু এঁদের কেউই দলের সঙ্গে যুক্ত নন। এ জন্য দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সামশুদ্দোহা সিকদার বলেন, ‘চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশের গাছ চুরির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত বলে মনে হয় না; বরং যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক থেকে চুরি হওয়া গাছ ধরিয়ে দিয়েছে অনেকবার। তা ছাড়া গাছ চুরির ঘটনা শুধু আওয়ামী লীগ আমলে নয়, বিগত চারদলীয় জোট সরকারের আমলেও হয়েছে।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে সওজ বিভাগের গাছ চুরির ব্যাপারে মাঝেমধ্যে খবর আসে। কিন্তু কারা চুরির সঙ্গে জড়িত, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সওজ বিভাগের দায়ের করা ডায়েরিতেও চোরদের কোনো নাম ও পরিচয় উল্লেখ নেই। ফলে পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে?’সওজ বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গাছ চুরি সম্পর্কে রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের একাধিক প্রতিবেদন ও থানায় দায়ের করা বহু ডায়েরির নথি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। পুলিশি সহায়তা না পাওয়ায় গাছ চুরি প্রতিরোধে সওজ বিভাগের কোনো ব্যবস্থাই ফলপ্রসূ হচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর বিষয়টি উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।