
প্রকৃতিতে শরতের বাউরি বাতাস খেলছে। উড়ছে কাশফুল আর রাস্তার ধুলা। সেই সঙ্গে উড়ছে আপনার মাথার চুল। মাথায় চুল বেশি বা কম হোক স্টাইল তো করতেই হবে। এমনকি যাদের মাথায় সভ্যতার শেষ নিদর্শন হিসেবে মাত্র একটি চুল রয়েছে, তাদের জন্য চুলের যত্ন আরও বেশি জরুরি। কারণ আপনার হাতে (পড়ুন মাথায়) রিসোর্স কম। সীমিত সম্পদ নিয়েই নিজেকে করে তুলতে হবে অনন্য।
ভাঁড়সোনা মেনজ কেয়ারের চুল বিশেষজ্ঞ কেশব চৌধুরী বলেন, ‘চুলের ফ্যাশনের আগে যত্ন নিয়ে ভাবতে হবে। মাথায় যদি মাত্র একটিই চুল থাকে, তাহলে আপনাকে সেই চুলের সর্বোচ্চ যত্ন নিশ্চিত করতে হবে।’ মাত্র একটি চুলের যত্নের ব্যাপারে তিনি দিলেন কয়েকটি টিপস।
l চুলে নিয়মিত শ্যাম্পু করুন। শ্যাম্পু চুলের ময়লা দূর করবে, মাথার ত্বক রাখবে সুস্থ।
l গোসল শেষে চুল কেবল তোয়ালে দিয়ে মুছলেই হবে না, ভালো করে শুকাতেও হবে। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
l চুলে নিয়মিত তেল দিন। এতে চুল হবে আরও উজ্জ্বল।
l চুল এলোমেলো রাখবেন না। এতে করে চুলে ময়লা বাসা বাঁধে দ্রুত। তাই পকেটে সব সময় একটি চিরুনি রাখুন এবং কিছুক্ষণ পরপর সেটা দিয়ে মাথা আঁচড়ে নিন।
l কদিন পরপর চুলে মেহেদি লাগান। মেহেদি চুলের গোড়া শক্ত করে।
একটি চুলেই সেরা স্টাইল
অনেকেই একটা চুলই মাথার নানা প্রান্তে বিছিয়ে পুরো মাথা ঢাকার চেষ্টা করেন। এটা যদি স্টাইল হয় তাহলে ঠিক আছে। তা না হলে এটা অপ্রয়োজনীয়। আর চুল রাঙানো এখন চলতি ফ্যাশন। ঘরে কিংবা পারলারে গিয়ে চুল রাঙানোর আগে হেয়ার ডাইয়ের মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। অনেকেই মনে করেন, একটি মাত্র চুল, কী হবে আর হার্ডজেল ব্যবহার করে! অথচ হার্ডজেল ব্যবহার করে আপনার শেষ চুলটিকেও শক্তভাবে দাঁড় করিয়ে রাখলে মন্দ দেখাবে না।