চুল থাক ঝলমলে
ঋতুর বদলে চুলের দরকার হয় বাড়তি যত্নের। অনেকে ভাবেন, ছেলেদের চুলের আবার যত্ন কিসের! মনে রাখা দরকার, ঝলমলে চুল ছেলেদের ফ্যাশনের অন্যতম একটি দিক। হেয়ারোবিক্সের সৌন্দর্য পরামর্শক তানজিমা শারমিন জানান, এই সময়ে বাইরে প্রচণ্ড গরম। আবহাওয়া শুষ্ক বলে বাতাসে ধুলা-বালুর পরিমাণ বেশি। ধুলা ছাড়াও প্রচণ্ড রোদে চুলের ভেতরে ঘাম জমে চুল আঠালো করে তোলে। এ কারণে চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। চুলের উজ্জ্বলতা ধরে রাখতে ঝটপট যত্ন নিতে পারেন চুলের। গরমে কীভাবে চুলের যত্ন নেবেন, তা জানিয়েছেন তানজিমা শারমিন।এই সময়ে সাধারণত ছেলেরা একটু ছোট চুলের ফ্যাশনকে প্রধান্য দেয়। কারণ, গরমে সেটা আরামেরও বটে। তবে চুলে ধুলা-বালু লাগলে নিয়মিত গোসলের সময় শ্যাম্পু করা উচিত। সপ্তাহে এক বা দুবার রাতে চুলে তেল লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে চুল ভালো থাকবে। এভাবে শ্যাম্পু করলে ঘাম ও ধুলা সব দূর হবে। তা ছাড়া এই সময়ে ত্বক ও চুলের ঔজ্জ্বল্য ধরে রাখতে পুষ্টিকর খাবার ও পরিমাণমতো পানি খাওয়া জরুরি। মৌসুমী নানা ফল খান। শরীরে পুষ্টি বাড়লে তা চুলে পৌঁছাবে এবং চুলের রুক্ষতা দূর হয়ে তা ঝলমলে হয়ে উঠবে। যাঁদের চুল একটু বড়, তাঁরা চুল পরিষ্কার করে বাইরে বেরোনোর আগে চুল ব্যান্ড দিয়ে আটকে নিতে পারেন। তাতে চুল ভালো থাকবে এবং একটু ভিন্ন দেখাবে। যাঁদের রঙিন চুলের ফ্যাশনের প্রতি দুর্বলতা আছে, তাঁরা নিজের ত্বক ও মুখের সঙ্গে মানিয়ে চুলে রঙ করুন। রঙিন চুলের জন্য বাজারে আলাদা শ্যাম্পু পাওয়া যায়। চুল পরিষ্কার করার সময়ে ভালো ব্র্যান্ডের শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করা উচিত। চুলের সৌন্দর্য ধরে রাখতে স্যালনে গিয়ে হারবাল হেয়ার ট্রিটমেন্ট, অয়েল ম্যাসাজ, হেয়ার স্পা ইত্যাদি করতে পারেন। বাড়িতে হেয়ার অয়েল ম্যাসাজের জন্য একটি পাত্রে তেল ঢেলে নিন। নারকেল তেল, জলপাই তেল, হেয়ার টনিক ইত্যাদি ব্যবহার করতে পারেন। তেলের সঙ্গে চাইলে ভিটামিন ই অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি নিতে পারেন। এবার তুলার বলে তেল মেখে তা চুলে লাগাতে শুরু করুন। মাথায় সিঁথি কেটে কেটে তেল লাগান। এতে সব চুলের গোড়ায় সমানভাবে তেল পৌঁছবে। মাথায় মাখানো তেল শুকিয়ে এলে ঘুমাতে যান। সকালে গোসলের সময়ে শ্যাম্পু বা কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে এক-দুদিন অয়েল ম্যাসাজ করতে পারেন।