চুল থাক ঠিকঠাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুলের কাট যেমনই হোক, এই গরমে চুল পরিষ্কার রাখা চাই৷ মডেল: ইয়াসির ও রায়হান, ছবি: নকশা
চুলের কাট যেমনই হোক, এই গরমে চুল পরিষ্কার রাখা চাই৷ মডেল: ইয়াসির ও রায়হান, ছবি: নকশা

নিজের চুলের স্টাইল নিয়ে অনেক ছেলেই দোটানায় ভোগেন। কেউ গরমে আরামের জন্য চুলটাকে ছোট রাখতেই ভালোবাসেন। কেউ আবার বড় চুলটা কেটে ছোট করতে নারাজ। সময়ের সঙ্গে চুলের কাটে ভিন্নতা এনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন অনেকে। তবে, চুলের স্টাইল অনেকটা নির্ভর করে নিজের মুখের গড়নের ওপর।
হেয়ারোবিক্সের স্বত্বাধিকারী রূপবিশেষজ্ঞ সাদীন মাহবুব বলেন, সব ধরনের চুলের স্টাইলে যে সবাইকে মানাবে, এটা ঠিক নয়। নিজের মুখমণ্ডল, শরীরের গড়ন, পেশা—এগুলোর ওপর নির্ভর করেই চুলের স্টাইল করা উচিত। তবে, গরমের সময় চুল যতটা সম্ভব ছোট করে ছেঁটে নিলেই ভালো। না হলে মাথায় ঘাম বসে যেতে পারে। আর যাঁরা বড় চুল রাখতে চান, তাঁরা নিয়মিত শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখতে পারেন।
এই সময়ে বেশ কিছু জনপ্রিয় স্টাইলের চুলের কাট নিয়ে জানালেন সাদীন মাহবুব।
ক্রু কাট
মাথার পেছনের দিকে ও পাশের চুলগুলো ট্রিম করে কাটা হয়। আর সেখান থেকে ওপরের দিকে ক্রমান্বয়ে চুল বড় ও কিছুটা খাড়া থাকে। এই স্টাইলটা কয়েক বছর ধরেই গরমে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
ক্ল্যাসিক কাট

চুলের কাটে এটা পুরোনো স্টাইল। কাজের ক্ষেত্রে ফরমাল পোশাকের সঙ্গে এটি সবচেয়ে ভালো স্টাইল। এই স্টাইলে চুলের একদিকে সিঁথি করে আঁচড়ানো হয়। মাঝবয়সী ছেলেদের এই স্টাইল চেহারায় মার্জিত একটা লুক এনে দেবে।

স্পাইক কাট
এই স্টাইলটা সবচেয়ে বেশি জনপ্রিয় কিশোর ও তরুণদের কাছে। সব দিকের চুলই ছোট করে কেটে হেয়ার জেল দিয়ে স্টাইল করা যায়।

বাজ কাট
যাঁরা খুব খেলাপ্রিয়, এই স্টাইল তাঁদের কাছে পরিচিত। খেলোয়াড় ও সৈনিকদের মধ্যে এই স্টাইল বেশি জনপ্রিয়। এই কাটে চুল ট্রিমার মেশিনে কাটা হয়। চুলের দৈর্ঘ্য থাকে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ। গোসলের পরেও এই চুল আঁচড়ানোর দরকার পড়ে না।

ফেড কাট
এই স্টাইলে পেছনে ও কানের ওপরে চুলটা একদম থাকেই না বলা চলে। কানের কমপক্ষে এক ইঞ্চি ওপর থেকে আর পেছনে মাথার অর্ধেক ওপর থেকে কাটা শুরু হয়।

বড় চুলের যত্নে
শখের লম্বা চুল যাতে গরমে যন্ত্রণার কারণ না হয়, তাই নিয়মিত যত্ন নিতে পারেন। এখন বাইরে অনেক ধুলাবালু। তাই, নিয়মিত চুলে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে পরিষ্কার রাখা উচিত। মাঝেমধ্যে চুলে হট অয়েল ট্রিটমেন্ট করা যেতে পারে। হালকা গরম তেল চুলে লাগিয়ে তোয়ালে পেঁচিয়ে রেখে মাথা ধুয়ে নিলে উপকার পাওয়া যাবে। এ ছাড়া ঘরে বসেই প্যাক তৈরি করে লাগাতে পারেন। ডিমের সাদা অংশের সঙ্গে অল্প পরিমাণে মধু আর জলপাই তেল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে মেখে নিন। এরপর ২০ মিনিট রেখে গোসল করে চুল ধুয়ে ফেলুন। যাঁদের চুল ঝরে যাচ্ছে, তাঁরা পেঁয়াজের রস লাগিয়ে নির্দিষ্ট সময় পর ধুয়ে ফেললে উপকার পাবেন।
বাইরে গেলে পোশাকের সঙ্গে মানিয়ে চুলটাকে বেঁধে নিতে পারেন ব্যান্ড দিয়ে। এতে চুল যেমন ভালো থাকবে, তেমনি স্টাইলও ঠিক থাকবে। হ্যাট ছাড়াও ব্যান্ডানা পরে বাইরে গেলে ধুলাবালু থেকে চুল সুরক্ষিত থাকবে।