
শিশুর চুল সম্পর্কে নানান ধারণা প্রচলিত। কেউ মনে করেন, জন্মের সাত দিনের মধ্যে চুল ফেলে দিতেই হবে। কেউ আবার ভাবেন, ছোট বয়সে চুল লম্বা রাখলে পরবর্তী সময়ে চুল পাতলা হয়ে যায়। সন্তান জন্মের পর অনেকের এমন কথা ভাবনায় ফেলে দিতে পারে মাকে। তবে আজকাল বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই শিশুর চুলের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন মায়েরা।
এই যেমন ধরুন ঢাকার গৃহিণী ফারজানা মাসুদের কথা। তিনি দুই সন্তানের মা। ছোট সন্তানের বয়স দুই মাস। তবে এখনো তাঁর ছোট সন্তানের চুল ফেলা হয়নি। জানালেন, তাঁর বড় সন্তানের বেলায়ও একটু দেরি করেই চুল ফেলা হয়েছিল। পরিবারের সদস্যরা যদিও সেবার বলেছিলেন সন্তানের চুল একটু আগে ফেলাই ভালো, তবে চিকিৎসকের কথা শোনার পর তাঁরা কেউই আর তাড়াহুড়ো করে শিশুটির চুল ফেলার জন্য ফারাজানাকে জোর করেননি।
বলছি আরেক মা আক্তার জাহানের কথা। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক তিনি। তাঁরও দুটি সন্তান। তিনি জানালেন, চিকিৎসকের পরামর্শমতো তাঁর দুই সন্তানেরই চুল ফেলা হয়েছে এক মাস বয়স পূর্ণ হওয়ার পর। আর পরিবারের সদস্যরাও চিকিৎসকের কথাই মেনে নিয়েছেন।

এ প্রসঙ্গে কথা বলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রধান বেগম শরিফুন নাহার। তিনি জানালেন, শিশুর বয়স অন্তত এক মাস হওয়ার পরে তার চুল ফেলা উচিত। এর আগে চুল ফেলতে গেলে শিশুর বিভিন্ন সমস্যা হতে পারে। দীর্ঘ সময় সাবান-পানির সংস্পর্শে রাখা হলে শিশুর নিউমোনিয়া হতে পারে।
তবে খুব বেশি গরম আবহাওয়ায় শিশুর চুল কাঁচির সাহায্যে কেটে কিছুটা ছোট করে রাখা যেতে পারে। শিশুর চুল বেশ লম্বা হয়ে গেলেও এমনটা করা যায় বলে জানালেন বেগম শরিফুন নাহার। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিশুর শরীর হালকা গরম পানি দিয়ে ধোয়ালেও মাথা ধোয়ানোর সময় অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে। সাবান-শ্যাম্পু ব্যবহার করতে হবে সপ্তাহে এক দিন। তবে শিশুর চুলে খুশকি হলে তা ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত ওর চুলে তেল দেওয়া থেকে বিরত থাকতে হবে।
অনেকে মনে করেন, ছোটবেলায় বারবার মাথার সব চুল গোড়া থেকে ফেলে দিলেই বুঝি চুল ঘন হবে। বিশেষজ্ঞরা জানালেন, এমন ভাবনার বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো। আসলে বারবার চুল ফেলে দিলে চুলের গোড়াটা একটু মোটা হবে ঠিকই, কিন্তু চুলের সংখ্যা বাড়বে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক সোহেলা আখতার বলেন, শিশুর চুল কতটা ঘন হবে, তা নির্ভর করে শিশুর পুষ্টিকর খাবার গ্রহণের ওপর। তাকে দুধসহ অন্যান্য পুষ্টিকর খাদ্য দিতে হবে সময়মতো। অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি বিভিন্ন খনিজ উপাদান শিশু সঠিকভাবে পাচ্ছে কি না তা খেয়াল রাখতে হবে। অর্থাৎ, ছোটবেলায় চুল বড় রাখা হলে বড় হওয়ার পর চুল পাতলা হয়ে যাবে এমন কথারও ভিত্তি নেই।
বড়দের শ্যাম্পু ছোটদের চুলে লাগাতে গেলে শিশুর চোখে জ্বালাপোড়া হতে পারে। তাই শিশুদের উপযোগী শ্যাম্পু কিনুন। সোহেলা আখতার জানালেন, সপ্তাহে এক-দুইবার শ্যাম্পু করাতে হবে শিশুকে। কোনো কারণে শিশুর চুলে উঁকুন হলে তার মাথার সব চুল ফেলে দিতে পারেন। আর স্বাভাবিকভাবে চুল ছাঁটাতে পারেন সপ্তাহ দুয়েক পর পর বা মাসে একবার। ঘন ঘন চুল ছাঁটা হলে কোনো ক্ষতি নেই, তবে কেউ চাইলে আরও বেশি সময় বিরতি দিয়েও চুল ছাঁটাতে পারেন।
ছোট-বড় সব শিশুর ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে, যেন মাথা ধোয়ানোর পর চুলের গোড়া ভালোভাবে মুছে শুকনো করে রাখা হয়। চুলের গোড়া ভেজা থাকলে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। আর বড়দের মতো শিশুদের চুলে কোনো ধরনের কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই। এ ছাড়া সুন্দর দেখাবে ভেবে শিশুর চুলে কোনো ধরনের রং লাগানোও উচিত নয়।