চুল পড়ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে মাঝে সিঁথি পরিবর্তন করুন, মডেল: বেনজির
মাঝে মাঝে সিঁথি পরিবর্তন করুন, মডেল: বেনজির
সামনের অংশে ছোট করে কেটে নিতে পারেন চুল। মডেল: ইশা, ছবি: নকশা
সামনের অংশে ছোট করে কেটে নিতে পারেন চুল। মডেল: ইশা, ছবি: নকশা

এই রোদ তো এই আবার ঝরঝরে বৃষ্টি। ভিজে গেলে তাৎক্ষণিকভাবে পোশাক আর চুলটাকে শুকিয়ে নেওয়া হলেও বৃষ্টির পানি মাথার তালুতে পড়লে দেখা দেয় চুল ঝরে যাওয়ার সমস্যা। অনেককেই দেখা যায় যাদের পেছনের দিকে চুলের ঘনত্বটা হয়তো স্বাভাবিকই আছে কিন্তু সামনের চুলগুলো পড়ে গিয়ে এতটাই পাতলা হয়ে যায় মাথার ত্বক দেখা যায়। এই অবস্থায় চুল পড়া নিয়ে দুশ্চিন্তা না করে ঘরোয়া রূপচর্চায় সমাধান পেতে পারেন বলে জানালেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী। চুলের ধরনটা যেমনই হোক না কেন পেঁয়াজের রস ব্যবহারে পেতে পারে এর স্থায়ী সমাধান। সপ্তাহে তিন দিন গোসলের আগে সামনের দিকে চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এখন বাজারে বিভিন্ন ধরনের হারবাল এসেন্স পাওয়া যায়। চুল থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে শ্যাম্পুর সঙ্গে হারবাল এসেন্স মিশিয়ে নিন।
এ ছাড়া যেকোনো তেলের সঙ্গে ১ চা-চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এই দুটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করলেই আবারও মাথার সামনের দিকে উঠতে শুরু করবে নতুন চুল। তবে যাদের হরমোন বা বংশগত কোনো কারণে সামনের দিকে চুল ওঠার সমস্যা দেখা যায় তাদের খাবার দাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যেমন প্রতিদিনের খাদ্যাভ্যাস থেকে ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে। এর পরিবর্তে দুধ, ডিম, সবুজ শাকসবজির পাশাপাশি প্রতিদিন একটি করে ফল খেতে হবে। আমন্ড বাদামও নতুন চুল গজাতে সহায়তা করে।
যাদের পেছনের দিকের চুলের দৈর্ঘ্য বেশি তাদের সামনের দিকের চুল স্বাভাবিকভাবেই কিছুটা হালকা হয়ে থাকে। তবে এ জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেককেই দেখা যায় যে, দীর্ঘদিন ধরে একদিকে সিঁথি করতে করতে সেই জায়গা চুল উঠে সিঁথিটা বেশ মোটা হয়ে যায়। এ জন্য মাঝেমধ্যে সিঁথি পরিবর্তন করার পরামর্শ দিলেন এই রূপবিশেষজ্ঞ। এ ছাড়া চুল বাঁধার সময়ে কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দিলেন তিনি। যেমন বাইরে বের হওয়ার সময় চুলের রঙের সঙ্গে মিলে যায় এমন আইশ্যাডো বা আইব্রাও পেনসিল দিয়ে ঢেকে নিতে পারেন মাথার তালু। এ ছাড়া চুলগুলো ব্যাককোম্ব করে নিলেই কিছুটা হলেও দূর হবে এই সমস্যা।