চুল বিষয়ে যে খবরগুলো শিগগিরই আমরা পেতে যাচ্ছি
চুল উড়ে গেছে: বিরোধী দলনিজস্ব প্রতিবেদকআন্দোলনের ফলে সরকারের চুল উড়ে গেছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় মহাসচিব। নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা সফল। বাকশালী, ফ্যাসিবাদী, জনবিচ্ছিন্ন সরকারের চুল অবশেষে আমরা উড়িয়ে দিতে পেরেছি। এখন সরকারের উড়ে যাওয়াটা বাকি। সেটাও হয়ে যাবে।’উপস্থিত সাংবাদিকেরা ‘কার চুল উড়েছে?’ জিজ্ঞেস করলে মহাসচিব আইন প্রতিমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাঁর চুল গেল কই?’তাঁদের চুল উড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীনিজস্ব প্রতিবেদক‘আমাদের নয়, চুল উড়েছে বিরোধী দলের’, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘তারা আমাদের চুল ওড়াতে এসেছিল। কিন্তু উল্টো তাদের চুল উড়ে গেছে। কারণ, তারা সবাই পরচুলা ব্যবহার করে। জনগণ পরচুলা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করেছে।’ ‘কাদের চুল উড়েছে?’ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের কারোরই চুল নাই।’সংবাদ সম্মেলন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সবাইকে ফেসবুকের ‘মুরাদ টাকলা’ পেজে যোগদানের আহ্বান জানান।কাল থেকে আন্দোলনচুল উড়ে যাওয়ার আশঙ্কানিজস্ব প্রতিবেদককাল থেকে শুরু হচ্ছে বিরোধী দলের কঠোর আন্দোলন। এ আন্দোলনে সরকারি দলের সব চুল উড়ে যাবে বলে হুমকি দিয়েছেন বিরোধীদলীয় নেতা। এদিকে বিরোধী দলের আন্দোলনকে মোকাবিলা করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। সব মন্ত্রী-এমপির চুলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের সব নেতা-কর্মীকে আঁটসাঁট ক্যাপ পরতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধী দল বলেছে আমাদের নাকি চুল উড়ে যাবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের চুল ওড়ানো এত সোজা না। আমাদের চুল উড়িয়ে দিতে চাইলে আপনাদের চুলই উড়ে যাবে। জনগণ আমাদের সঙ্গে আছে।’অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাবে বিরোধীদলীয় মহাসচিব বলেছেন, ‘আমাদের চুল ওড়ানোর ভয় দেখাবেন না। আমরা জনগণকে নিয়ে শ্যাম্পু ব্যবহার করি। আমাদের চুল ড্যানড্রাফমুক্ত। চুলের গোড়াও শক্ত।’বাজারে এসেছে নতুন রাজনৈতিক শ্যাম্পুনিজস্ব প্রতিবেদকরাজনীতিবিদদের মাথার চুলের কথা বিবেচনা করে বাজারে এসেছে নতুন শ্যাম্পু। জানা গেছে, এ চুল ব্যবহার করলে খালি মাথায় চুল গজাবে, চুলের গোড়া হবে শক্ত। আপাতত বিশেষ ডিসকাউন্টে রাজনীতিকেরা এই শ্যাম্পু ব্যবহার করতে পারবেন।কোনো অরাজনৈতিক ব্যক্তি শ্যাম্পু ব্যবহার করলে কী হবে, এমন প্রশ্নের জবাবে শ্যাম্পু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক নিজের টাকমাথা দেখিয়ে বলেন, ‘আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।’