চুল সাজানোর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ঢঙে সাজানো চুল আকর্ষণীয় করে তোলে। অনেকের মধ্যে একটু আলাদা করে বৈকি। কিন্তু এই নানা কায়দায় চুল সাজানোর ঝক্কিটাও কম নয়। সোজা চুলকে কোঁকড়া করতে, সামনের দিকের চুলকে একটু ফুলিয়ে নিতে কিংবা বিভিন্ন খোঁপা সাজাতে ব্যবহার করা হয় নানা সামগ্রী। আর মনের মতো করে চুল সাজাতে হেয়ার স্প্রে, হেয়ার জেল ব্যবহার করতে পারেন। চুল সাজিয়ে বেরিয়ে এলেন কোনো অনুষ্ঠান বা নিমন্ত্রণ থেকে। সমস্যায় পড়তে হয় এরপর। চুলের স্টাইল করতে গিয়ে তো হেয়ার স্প্রে বা জেল ব্যবহার করেছেন। কিন্তু এসব ঠিকভাবে পরিষ্কার না করলে চুল পড়া, ভেঙে যাওয়া বা রুক্ষ হয়ে যেতে পারে। কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান বলেন, হেয়ার জেল বা স্প্রেতে রাসায়নিক পদার্থ মেশানো থাকে। ফলে বাসায় ফিরে অবশ্যই চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা না হলে চুলে সমস্যা দেখা দেবে। সব সময় যে চুলে হার্ড হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে তা কিন্তু ঠিক নয়। সফট হেয়ার জেল বা স্প্রে ব্যবহার করেও চুল মনের মতো ঢঙে সাজানো সম্ভব।বিউটি পার্লার বা সেলুনগুলোতে খুব হার্ড স্প্রে ব্যবহার করা হয় না। অনুষ্ঠান থেকে বাসায় ফিরে কখনোই চুল আঁচড়াবেন না। এতে চুলে জট বেশি হয়। এমনকি ভেঙেও যায়। বাসায় খুলতে না পারলে রাতে যেকোনো বাদাম তেল, জলপাই তেল বা নারকেল তেল লাগিয়ে রাখুন চুলে। পরের দিন চলে যান কোনো বিউটি সেলুনে। সেখানে অয়েল ম্যাসাজ বা স্টিম নিতে পারেন। রিবন্ডিং করানো বা রঙিন চুল যাঁদের, তাঁরা সম্ভব হলে হেয়ার স্পা করিয়ে নিন, যাতে পরবর্তী সময়ে কোনো সমস্যায় পড়তে না হয়। মনে রাখতে হবে, কখনোই হেয়ার স্প্রে বা জেল দেওয়া অবস্থায় রাতে ঘুমাতে যাবেন না। প্রয়োজনে সারা রাত শুধু তেল ব্যবহার করুন চুলে।বেশির ভাগ সময় বিউটি পার্লারে যাওয়ার সময় থাকে না। বাড়িতে বসে আপনি চুলের যত্ন নিতে পারেন। প্রথমে দেখে নিন চুলে কোনো ক্লিপ বা কাঁটা ব্যবহার করা হয়েছে কি না। থাকলে খুলে নিন। তেল ব্যবহার করতে না চাইলে কন্ডিশনার ভালোভাবে তেলের মতো করে ব্যবহার করুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর ধীরে ধীরে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁঁচড়িয়ে নিন। ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। তাতেও যদি মনে হয়, পুরো জট খোলেনি, দ্বিতীয়বারের মতো কন্ডিশনার ব্যবহার করে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর আবার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ছেলেরা চুলে জেল বেশি ব্যবহার করে। তাদের উচিত, বাড়িতে ফিরেই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলা। কেননা জেল, তেল বা চুলের স্প্রেতে ধুলাবালি আটকে যায়। দ্রুত চুল ময়লা হয়।কারও কারও চুলে স্প্রে বা জেল ব্যবহারের পর রুক্ষতা বেড়ে যায়। সে ক্ষেত্রে বাড়িতে চুলে নানা ধরনের প্যাক ব্যবহার করতে পারেন। টক দইয়ের সঙ্গে মধু ও পাকা কলার প্যাক চুলকে মসৃণ করে তোলে। ঝামেলা এড়াতে কন্ডিশনারের সঙ্গে ভিনেগার মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। এতে চুলের উজ্জ্বলতা বাড়বে। এ ছাড়া কন্ডিশনার মধু ও বাদামের তেলের মিশ্রণ চুল ভালো রাখতে এটি বেশ কার্যকর। আপনার চুলের ঘনত্ব বাড়াতে চাইলে মেয়োনিজ তেলের মতো করে চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।