চুলা নিভুনিভু, দিনের রান্না সন্ধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চট্টগ্রাম দৈনিক সর্বোচ্চ ২৮০ থেকে ২৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। গত দুই মাস ধরে এর থেকেও গড়ে ৩০–৪০ মিলিয়ন ঘনফুট কম গ্যাস পাওয়া যাচ্ছে

সকাল হলেই গ্যাস থাকে না বলে মাস খানেক ধরে ঠিকমতো নাশতা করতে পারছে না বাকলিয়ার মিয়াখান নগর এলাকার বাসিন্দা সেলিনা আকতারের তিন সদস্যের পরিবার। সকাল সাড়ে সাতটার পর থেকে চুলার আগুন প্রায় জ্বলেই না। সে কারণে ভোরে উঠে তাড়াহুড়ো করে চেষ্টা করেন দুপুরের রান্নাবান্না সেরে ফেলার। আর সকালে উঠতে দেরি হলে অপেক্ষা করতে হয় সন্ধ্যার।

নগরের নাসিরাবাদ আল ফালাহ গলিতে চারজনের সঙ্গে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান। একজন অস্থায়ী গৃহকর্মী এসে প্রতিদিন রান্নার কাজ করে দিয়ে যান। তবে ইদানীং সকালের দিকে চুলায় গ্যাসের চাপ না থাকায় রান্না না করেই ফিরে যেতে হচ্ছে ওই গৃহকর্মীকে। ঘরে রান্না না হওয়ায় সকাল ও দুপুরের খাবারের জন্য হোটেলে ছুটতে হচ্ছে মেহেদিদের।
প্রায় দুই মাস ধরে গ্যাস–সংকটের কারণে নগরের বিভিন্ন এলাকার আবাসিক গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকাল হলেই বাসাবাড়ির চুলায় আগুন নিভুনিভু অবস্থায় চলে যায়। এরপর কোথাও কোথাও বিকেলে, আবার কোথাও হয়তো সন্ধ্যার পরে মিলছে গ্যাসের দেখা।
বাকলিয়ার সেলিনা আকতার বলেন, ‘বেলা আড়াইটা-তিনটার পর মাঝেমধ্যে চুলায় গ্যাস পাই। তবে তাপ এত কম থাকে যে রান্না করা মুশকিল। তখন সন্ধ্যার অপেক্ষায় বসে থাকি।’
চট্টগ্রামে গ্যাস বিতরণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা বলছেন, শীত এলে গ্যাসের ব্যবহার বাড়ে, কিন্তু বিপরীতে চট্টগ্রামে গ্যাস আসার পরিমাণ কমে যায়। আবার নভেম্বর থেকে সারকারখানা কাফকো চালু করা হয়। রাউজান বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ করে কাফকোকে গ্যাস দেওয়া হয়।
কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামে গ্যাসের সংকট পুরোনো। চট্টগ্রামে দৈনিক গড়ে সাড়ে চার শ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। কিন্তু বিপরীতে চট্টগ্রাম সর্বোচ্চ ২৮০ থেকে ২৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। দুই মাস ধরে এর থেকেও গড়ে ৩০–৪০ মিলিয়ন ঘনফুট কম গ্যাস পাওয়া যাচ্ছে। কোনো কোনোদিন সরবরাহ আরও কমে যায়।
কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, গত মঙ্গলবার চট্টগ্রামে সর্বমোট ২৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। এর আগের দিন এসেছে ২৩৮ মিলিয়ন ঘনফুট। গত ২৫ নভেম্বর চট্টগ্রাম পেয়েছিল মাত্র ১৮৯ মিলিয়ন ঘনফুট গ্যাস। চট্টগ্রামে বর্তমানে আবাসিক চুলার সংখ্যা প্রায় ছয় লাখ। এ ছাড়া শিল্প, বাণিজ্যিক, সিএনজি, সার-বিদ্যুৎ ও চা–বাগান মিলিয়ে আরও ৪ হাজার ৯২টি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাসের গ্রাহক। চট্টগ্রামে গ্যাসের প্রায় ২৩ শতাংশ আবাসিক গ্রাহকেরা ব্যবহার করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বাকলিয়া, রাহাত্তারপুল, পাঁচলাইশ, জাকির হোসেন রোড, অক্সিজেন, বহদ্দারহাট, লাভলেইন, আশকারদীঘির পাড়, পাহাড়তলী, জামালখান, পতেঙ্গা, হালিশহর, হামজারবাগ, দামপাড়া, খুলশী, কাট্টলীসহ অনেক এলাকায়ই দিনের বেলায় ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের অভাবে অনেকে সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা, কেরোসিনের স্টোভসহ বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।
লাভলেইন আবেদিন কলোনি এলাকার বাসিন্দা হামিদা বানু জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে তাঁর বাসায় গ্যাসের সংকট চলছে। দিনের বেলা রান্নার জন্য বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হচ্ছে।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক খোন্দকার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘শীতকালে গ্যাসের ব্যবহার কিছুটা বাড়ে। কিন্তু এ সময় চাপও কমে যায়। তার ওপর চট্টগ্রামের অবস্থান শেষ প্রান্তে। ফলে ন্যূনতম চাহিদা অনুযায়ীও কখনো কখনো গ্যাস পাওয়া যাচ্ছে না। আশা করছি, এলএনজি প্রকল্প চালু হলে চট্টগ্রামের গ্যাস–সংকট কাটবে।’
গ্যাসের চাপ কমে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁকেও। নগরের পাঁচলাইশ প্রবর্তক এলাকার সুফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মুসলিম বলেন, ‘শীতের সময়ে মাঝেমধ্যে হোটেলেও গ্যাসের চাপ কমে যাচ্ছে। যেদিন গ্যাস কম পাই, সেদিন রান্নাও কম হয়।’
কর্ণফুলী গ্যাসের উপমহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) মো. আজিজুল হক বলেন, রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গ্যাস–সংকটের বিষয়টি ঊর্ধ্বতন মহলেও জানানো হয়েছে।