চুলে রঙিন ফিতা

কয়েক দশক আগেও চুল বাঁধা থাকত নানা রঙের ফিতা দিয়ে। এখন যে এ ধারা নেই, তা বলা যাবে না। তবে চুল বাঁধার বিভিন্ন অনুষঙ্গ থাকায় রঙিন ফিতার চলটা কম। অনুষ্ঠানে বা দাওয়াতে চুলের সাজে কিছুটা ব্যতিক্রম ধারা আনতে ফিতার ব্যবহার করা যায়। পাশাপাশি ঐতিহ্যবাহী সাজে ফিতার ব্যবহার এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পয়লা বৈশাখে ঐতিহ্যবাহী সাজই বেশি প্রাধান্য পেয়ে থাকে। এই দিনে চুলের ফিতার ব্যবহার সাজে এনে দেবে বৈচিত্র্য আর আপনাকে করবে অন্যদের থেকে আলাদা।

চুল বাঁধতে সাধারণত স্যাটিন কাপড়ের তৈরি চিকন বা মোটা ফিতা ব্যবহার করা হয়। এ ছাড়া ভেলভেট বা অন্য কোনো চিকন লেইস দিয়ে চুল বেঁধে নতুনত্ব আনা যায়।

আমাদের দেশে লম্বা চুলে কলাবেণি বা খেজুর বেণি করে ফিতা বাঁধার প্রচলন রয়েছে। নতুনত্ব আনতে ফিতা দিয়ে সব চুল নিয়ে একটি বেণি করে পুরো মাথায় পেঁচিয়ে মুকুটের মতো করে দেওয়া যায়।

অতিরিক্ত গরমের কারণে বৈশাখী সাজপোশাকে স্বস্তি বা আরাম পেতে ফতুয়া, প্যান্ট অথবা সালোয়ার-কামিজ পরেন। চুলেও পাশ্চাত্যের ছোঁয়া ধরে রাখতে একটু উঁচু করে পনিটেইল করে মোটা ফিতা, কিছুটা ফাঁক রেখে ক্রস করে পুরো চুলে পেঁচিয়ে নিতে পারেন।
এখন খুবই জনপ্রিয় খোঁপা হলো ডোনাট বান। খুব সহজেই এই খোঁপা করা যায় বলে অনেকেই এটি পছন্দ করেন। চুলে ডোনাট বান করে নিচের দিকে পছন্দমতো ফিতা পেঁচিয়ে নিতে পারেন।
বৈশাখে বড়দের সঙ্গে ছোট শিশুরাও সমানভাবে বেড়াতে বের হয়। এই গরমে শিশুকে উঁচু করে পনিটেইল করে রঙিন ফিতা দিয়ে বড় ফুল করে দিতে পারেন। এতে শিশু আরামও পাবে, বৈশাখী আমেজও বজায় থাকবে। হেয়ারোবিক্সের রূপ বিশেষজ্ঞ তানজিম শারমিন মিউনি জানান, খোঁপা বা বেণিতে লাল-সাদার পাশাপাশি সবুজ, হলুদ, গোলাপি রঙের ফিতা ব্যবহার করা যায়। তবে খুব বেশি রঙের ফিতা একসঙ্গে ব্যবহার করলে ভালো লাগার বদলে দৃষ্টিকটু হবে। পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা বিপরীত রঙের একটি বা দুটি রঙের ফিতা দিয়ে চুল বাঁধলে বেশি আকর্ষণীয় হবে। আগে ফিতা দিয়ে বেণি আর খোঁপা করার প্রচলন ছিল। বর্তমানে ফিউশন সাজের ক্ষেত্রেও ফিতার ব্যবহার করা হচ্ছে। বৈশাখের সাজে ষাটের দশকের নায়িকাদের মতো চুল ফুলিয়ে সামনের দিকে ফিতা বেঁধে দেওয়া যায়। চোখে টানা করে কাজল সাজে এনে দেবে পূর্ণতা। এ ছাড়া চুলে রাবা ব্যান্ডের মতো করে ফিতা বেঁধে নেওয়া যায়। এই বৈশাখে ঐতিহ্য আর বৈচিত্র্যের সংমিশ্রণে সাজিয়ে তুলুন নিজেকে, সবার মাঝে ছড়িয়ে দিন ভালোবাসার উষ্ণতা।