চুলের সাজে ঈদের ছোঁয়া
চুলের সাজ ছাড়া ঈদের সাজ কি পরিপূর্ণ হতে পারে? একদমই নয়। এখনই নিজের পছন্দের সঙ্গে মিলিয়ে করিয়ে নিতে পারেন চুলের ছাঁট। আর কাট-ছাঁটের সঙ্গে ঈদ উপলক্ষে চুলের একটু বাড়তি যত্নও নিতে পারেন। এবারের ঈদে ছেলেদের চুলের সাজ ও যত্ন কেমন হওয়া উচিত—এমন প্রশ্নে হেয়ারোবিক্সের অপারেশনস প্রধান তানজিমা শারমিন জানান, এখন বর্ষাকাল হলেও গরমটা পড়ছে বেশ, আবার হঠাৎ বৃষ্টিতে চুল ভিজে একেবারে চুপচুপ হয়ে যেতে পারে। তাই এ সময় বিশেষ করে ঈদের জন্য ছেলেদেরছোট চুলই মানানসই। তবে কেউ ইচ্ছে করলে চুল লম্বা করেও কাটতে পারেন। এ জন্য অবশ্য একটু বাড়তি যত্ন নিতে হবে। চুল কাটতে হবে চুলের ও মুখের আকৃতি-ধরন, কী কাজ করছেন এর ওপর ভিত্তি করে। যেমন—ঈদের দিনে পাঞ্জাবি-পায়জামার সঙ্গে মানানসই কাট হলো স্পাইক কাট। হট স্পাইক, লং স্পাইকসহ, শর্ট স্পাইক ও মিডিয়াম স্পাইকের কয়েকটি ধরন রয়েছে। স্পাইক ছাড়াও আছে ট্যাপার কাট। এতে চুল একেবারে ছোট করে কাটা হয়। তরুণদের মধ্যে যাঁরা বড় চুল রাখতে চান, তাঁদের জন্য রয়েছে ইমো স্টাইল। চল্লিশোর্ধ্ব চাকরিজীবীদের জন্য মানানসই হলো বিজনেসম্যান কাট। ফেড কাটে মাথার ত্বক দেখা যাবে সামান্য। বাচ্চা ছেলেদের জন্য স্পাইকের পাশাপাশি বাজ ও ক্রু কাটও উপযোগী। তরুণদের অনেকেই এখন আবার আর্জেন্টাইন ফুটবলার মেসির মতো এলোমেলো চুল রাখতে পছন্দ করেন। এ ধরনের চুল রাখতে চাইলে করতে পারেন মেসিলুক। চুলে কাটের সঙ্গে সঙ্গে এই ঈদেও চুলে বাড়তি একটু যত্নও নিন। ধুলা-বালি আর ময়লা তাড়াতে চুলে প্রতিদিন শ্যাম্পু করতে পারেন। শুষ্ক চুল স্বাভাবিক করতে রাতে চুলে তেল ম্যাসাজ করে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। চুলের ভেজা ভাব এখন বেশ জনপ্রিয়। আবার অনেকেই চুলে ক্রিম ও জেল ব্যবহার করেন। এক্ষেত্রে বাসায় ফিরেই চুল ধুয়ে নিতে হবে। তা না হলে চুল আঠালো হয়ে যাবে।