চুড়ি রিনিঝিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে গেছে জীবনধারা। স্বদেশের প্রতি ভালোবাসা আজ আমাদের সাজে-কাজে...চলনে-বলনে। লাল-সবুজ। আমাদের ভালোবাসার সেই রং আজ রিনিঝিনি চুড়িতেও। যুগ যুগ ধরে বাঙালি নারীর পছন্দের সাজের উপকরণ হলো চুড়ি। উৎসবে-আয়োজনে নিত্যদিনে। সারা বছরই দেশকে উপস্থাপনে নারী তার সাজের উপকরণ হিসেবে বেছে নিয়েছে চুড়ি। আর পতাকার রং মিলিয়ে লাল-সবুজ চুড়ির আবেদন চিরন্তন। ফ্যাশন হাউস পিরানের ডিজাইনার হোসনা বানু বলেন, ‘উৎসবপ্রিয় বাঙালি জাতি আমরা। একেকটা উৎসবের একেকটা রং। বসন্তে লাল-হলুদ, বৈশাখে লাল-সাদার ঋতুবৈচিত্র্যের রঙের পাশাপাশি আছে একুশের সাদা-কালো, বিজয় আর স্বাধীনতার লাল-সবুজ রং। তবে সব রং ছাপিয়ে তরুণীদের মন জয় করে নিয়েছে এখন লাল-সবুজ চুড়ি।’যেকোনো পোশাকের সঙ্গেই এখনকার তরুণীরা হাত সাজাচ্ছেন লাল-সবুজ চুড়িতে। শুধু যে লাল-সবুজ কাচের চুড়ি বেছে নিতে হবে, তা নয়। বিভিন্ন ফ্যাশন হাউস থেকে আপনি সংগ্রহ করতে পারেন পছন্দের লাল-সবুজ কাঠের অথবা ধাতব চুড়ি। হাতে করা নকশাসহ লাল-সবুজ চুড়িও পেতে পারেন একটু খোঁজাখুঁজি করলে। এ ছাড়া রয়েছে লেস ও কাপড়ে পেঁচানো লাল-সবুজ চুড়ি। যেকোনো রঙের পোশাকের সঙ্গেই পরতে পারেন লাল-সবুজ চুড়ি। তাঁত বা সুতির শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন রেশমি চুড়ি। মাঝখানে লাল, দুই পাশে সবুজ দিয়ে বেশ চমৎকার মানিয়ে যাবে হাত দুখানি। অথবা পরতে পারেন মাটির তৈরি চুড়িও। সালোয়ার কামিজের সঙ্গে বেছে নিতে পারেন কাচের নকশা করা চুড়ি অথবা কাচের চুড়িও। ফতুয়ার সঙ্গে কাঠের বা ধাতুর মোটা লাল-সবুজ দুটি বালাও ভালো লাগবে। অনেক সময় বড় মোটা বালায় লাল ও সবুজ দুই রঙেরই নকশা থাকে। সে ক্ষেত্রে এক হাতে পরতে পারেন সেটি। কোনো উৎসবের সাজে জমকালো পোশাকের সঙ্গে লাল-সবুজ চুড়ির মাঝখানে সরু দু-একটা সোনালি বা রুপালি চুড়ি নিয়ে হাতের সাজকে জমকালো করতে পারেন। যাঁদের হাতের গড়ন পাতলা, তাঁদের কাঠের মোটা বালা মানানসই হবে। আর যাঁদের হাতের গড়ন চ্যাপটা, তাঁরা সরু কাচের চুড়ি বেছে নিতে পারেন। গোলাকার হাতের অধিকারীদের অবশ্য এত ভাবাভাবির কিছু নেই। যেমন পছন্দ, তেমন লাল-সবুজ চুড়িই পরতে পারেন। লাল-সবুজ পোশাকের সঙ্গে তো আর চুড়ির না মেলার কিছু নেই। তবে অন্য রঙের পোশাকের সঙ্গে লাল-সবুজ চুড়ি পরলে কানের দুল অথবা গলার লকেটের লাল বা সবুজ পাথরখানি মিলিয়ে পরতে পারেন। লাল-সবুজ চুড়ি পাবেন আপনার হাতের কাছেই। পথে চলতে ফুটপাতেও দেখা মিলবে এর। অথবা চলে আসতে পারেন ঢাকার পিরান, আজিজ সুপার মার্কেটের আইডিয়াস বা চারুকলার সামনে। এক ডজন কাচের চুড়ি ১৫-২০ ও রেশমি চুড়ি ২০-৩০ টাকায় পাবেন। আর প্রতি জোড়া হাতের নকশা করা চুড়ি ৩৫-৫০, লেস ও কাপড়ে মোড়া চুড়ি ২৫-৩৫, মাটির চুড়ি ৩০-৫০ ও ধাতব চুড়ি ৫০-২৫০ টাকায় পাবেন। আপনি চাইলে চুড়িতে লাল-সবুজ লেস পেঁচিয়ে বা লাল-সবুজ কাপড় জড়িয়ে নিজেই তৈরি করে নিতে পারেন পছন্দের চুড়ি।