চুয়েট ক্যানটিনের শিশু শ্রমিকেরা
মা-বাবার আশা ছিল ছেলে বড় হয়ে পড়ালেখা করবে, বড় চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু পড়ালেখা তো হলোই না, ১২ বছর বয়সী মেহেদি হাসান এখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যানটিন বয়ের কাজ করছে।মেহেদি হাসানের মতো এমন ১৫ জন শিশু চুয়েটের ডাইনিং ও ক্যানটিনে কাজ করছে। দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হয় তাদের। হাড়ভাঙা পরিশ্রম করেও মেলে না ন্যায্য মজুরি। শিশুশ্রম আইনত দণ্ডনীয় হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না চুয়েট কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে চুয়েটের নতুন হলের (এখনো নামকরণ হয়নি) প্রাধ্যক্ষ অধ্যাপক আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারটি আমরা লক্ষ করেছি। আমরা শিগগিরই ক্যানটিন ও ডাইনিংয়ের কাজে নিযুক্ত শ্রমিকদের ন্যূনতম বয়সসীমা বেঁধে দেব।’ ক্যানটিন ও ডাইনিংয়ে কর্মরত শিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউ এসেছে সন্দ্বীপ থেকে, কেউ চাঁদপুর, কেউ বা আবার স্থানীয়। পারিবারিক অবস্থা খারাপ হওয়ায় বাধ্য হয়েই অল্প বয়সে কাজ করতে হচ্ছে। ইচ্ছে থাকলেও লেখাপড়া করতে পারেনি। তাদের লেখাপড়া শেখানোর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি ক্যানটিন মালিক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, চুয়েটের তিনটি ক্যানটিন এবং পাঁচটি হলের ডাইনিংয়ের প্রত্যেকটিতেই কাজ করছে শিশু শ্রমিকেরা, যাদের বয়স প্রায় আট থেকে ১৪ বছর। সকাল ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা কাজ করতে হয় তাদের।এ প্রসঙ্গে চুয়েটের ক্যানটিন-২ এর ব্যবস্থাপক মো. হিরণ প্রথম আলোকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক শ্রমিক কথা শুনতে চায় না। তা ছাড়া বেতনও দিতে হয় বেশি। তাই ছোট ছেলেদের রাখি।’ জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী, অনূর্ধ্ব ১৮ বছর বয়সের সবাই শিশু। তাদের যদি নিতান্তই কাজে নিতে হয় তবে পাঁচ ঘণ্টার বেশি কাজ করাতে পারবে না মালিকপক্ষ। যদি এর বেশি কাজ করানোর অভিযোগ পাওয়া যায় তবে মালিকপক্ষের বিরূদ্ধে আন্তর্জাতিক শ্রম আইনে (এলএলও) ব্যবস্থা নেওয়ার বিধান আছে।এ প্রসঙ্গে চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের সাধারণ সম্পাদক আলী রেজা বলেন, ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠেই যদি শিশুশ্রম বন্ধ করা না যায়, তবে সারা দেশ থেকে কীভাবে তা নির্মূল হবে। এ ব্যাপারে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’শিশু শ্রমিকদের অভিযোগ, দিন-রাত পরিশ্রম করেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে তারা। বয়সে ছোট এবং গরিব হওয়ায় মালিকেরা তাদের নামমাত্র মজুরি দিচ্ছেন। বিষয়টি অস্বীকার করে চুয়েটের ক্যানটিন-২-এর ব্যবস্থাপক মো. হিরণ বলেন, ‘আমরা প্রতিটি শিশুকে মাসে এক হাজার ২০০ টাকা করে বেতন দিচ্ছি। এ ছাড়া তাদের খাবারও ক্যানটিন থেকে দেওয়া হচ্ছে।’ক্যানটিন-২ এর ক্যানটিন বয় আবদুল কাইয়ুম জানায়, তার বাবা খুব গরিব হওয়ায় ঠিক মতো খেতে দিতে পারত না। তাই বাধ্য হয়েই এখানে এসেছে। কোনো সুযোগ-সুবিধা না থাকলেও দুবেলা খাবার পাওয়া যায়, এটাই তার সান্ত্বনা।