চুয়েট ক্যাম্পাসে ডাস্টবিন নেই যেখানে-সেখানে আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস যথাযথ ব্যবস্থাপনার অভাবে আবর্জনায় ভরে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বর, আবাসিক হল ও গোলচত্বর সংলগ্ন এলাকায় প্রায় সারা বছরই ময়লা আর আবর্জনা পড়ে থাকে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ময়লা ফেলার জন্য কয়েকটি প্লাস্টিকের ঝুড়ি থাকলেও নেই কোনো স্থায়ী ডাস্টবিন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীরা সচেতন না হওয়ায় ক্যাম্পাসের এই হাল।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের প্রায় সব কটি রাস্তার দুই পাশেই বিভিন্ন রকম আবর্জনা পড়ে আছে। গোলচত্বর–সংলগ্ন পুরো এলাকা জুড়েই ছড়িয়ে আছে খাদ্যসামগ্রী ও তামাকজাতীয় দ্রব্যের মোড়ক, কোমলপানীয়ের বোতল, প্লাস্টিকের নানা আবর্জনা। চুয়েট লেকের এক পাশে আবর্জনা জমা করে রাখতেও দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকের জানালার পাশেও আবর্জনার স্তূপ। মেডিকেল সেন্টারের চিকিৎসক রানি আক্তার বলেন, আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা না থাকায় জানালার পাশেই ময়লা ফেলতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যানটিনের পেছনেও খাবারের উচ্ছিষ্ট ও ময়লার স্তূপ দেখা গেছে। একই চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোর ডাইনিং হলগুলোর রান্নাঘরের পাশেও।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইনজামাম উল হক বলেন, ক্যাম্পাস ক্রমাগত আবর্জনায় ভরে উঠেছে। বিশেষ উপলক্ষ ছাড়া এগুলো সরানোর কোনো উদ্যোগ দেখা যায় না। দুর্গন্ধের কারণে প্রায়ই ক্যানটিন–সংলগ্ন রাস্তায় চলাচল করা কঠিন হয়ে দাঁড়ায়।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ক্যানটিনের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা না থাকায় ক্যানটিনের পেছনেই ময়লা ফেলতে হচ্ছে।
এ ব্যাপারে কথা হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রঞ্জিত কুমার সূত্রধরের সঙ্গে। তিনি বলেন, হলের পরিচ্ছন্নতাকর্মীদের গাফিলতির কারণে ময়লা জমেছে। শিগগিরই এগুলো পরিষ্কার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান জানান, ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ও ক্যানটিনের পরিচ্ছন্নতার দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
তবে কেউ চাইলে নিরাপত্তা শাখা আবর্জনা সরাতে সহযোগিতা করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ক্যাম্পসে ৪৮টি ভ্রাম্যমাণ ডাস্টবিন বসানো হবে। এসব ময়লা-আবর্জনা ব্যবহার করে বায়োগ্যাস প্লান্ট থেকে জৈবগ্যাস তৈরিরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আবর্জনা বিষয়ে শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এসব আবর্জনা পরিষ্কার করা হবে।