চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে বেড়েছে সাপের আনাগোনা। গত ২৫ দিনের মধ্যে ধরা পড়েছে সাতটি সাপ। এর মধ্যে একটি অজগর, একটি দারাশ, দুটি গোখরা ও তিনটি অন্য প্রজাতির বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত আগাছা পরিষ্কার না করায় সাপের উপদ্রব বেড়েই চলেছে। রাতে আবাসিক হলের কেউ রাস্তায় বের হয় না। এ প্রসঙ্গে নতুন হলের বাসিন্দা পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, কোনো ছাত্রের প্রাণনাশের আগে কি বিশ্ববিদ্যালয়ের টনক নড়বে না? এভাবে একের পর এক সাপ ধরা পড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সময়ে ক্যাম্পাসে সাপের উপদ্রবের বিষয়টি আমি অবগত হয়েছি। ইতিমধ্যে বনজঙ্গল পরিষ্কার করাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।’ প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলসংলগ্ন এলাকায় ধরা পড়ে সাড়ে সাত ফুট লম্বা অজগর সাপ। সাপটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের সদস্যরা কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন। এরপর ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনের তৃতীয়তলার সেন্টার অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (সিআইসিটি) ল্যাবে ধরা পড়ে ছয় ফুট লম্বা বিষধর সাপ। সিআইসিটির বার্তাবাহক (পিয়ন) মো. আবুল তাহের ল্যাবের অনলাইন ইউপিএসের ব্যাটারি রাখার থাকের নিচে তাকালে সাপটি দেখতে পান। পরে ব্যাপারটি নিরাপত্তা ও প্রকৌশল শাখায় জানানো হলে তাঁরা এসে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। সিআইসিটির কর্মকর্তারা জানান, এটি বিষধর দারাশ সাপ। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় ১৭ এপ্রিল ধরা পড়ে পদ্মগোখরা। কিছু শিক্ষার্থী রাত সাড়ে আটটায় কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সাপটি দেখতে পান। পরে তাঁরা বিষয়টি নিরাপত্তা শাখায় জানান। নিরাপত্তা শাখার আনসারের উপস্থিতিতে সাপটি ধরা হয়। চতুর্থ সাপটি ধরা পড়ে ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নতুন আবাসিক হলে। বিষধর এই গোখরো সাপটি লম্বায় ছিল প্রায় সাড়ে পাঁচ ফুট। পরে এটিকে মেরে ফেলা হয়। আবাসিক হলে বিষধর সাপ ধরা পড়ার খবর শুনে হলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসেন নতুন হলের প্রভোস্ট আশুতোষ সাহা এবং সহকারী প্রভোস্ট কাজী দেলোয়ার হোসেন ও মো. মইনুল ইসলাম।পঞ্চম সাপটি ধরা পড়ে ১৯ এপ্রিল রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক নতুন হলে। এটি লম্বায় ছিল প্রায় তিন ফুট। সাপটি ধরেন নতুন হলের দারোয়ান। ষষ্ঠ সাপটি ধরা পড়ে ২০ এপ্রিল সকাল ১০টায় চুয়েটের ক্যানটিনসংলগ্ন এলাকায় এবং সপ্তম সাপটি ধরা পড়ে একই দিন রাত আটটায়। সাপ দুটি দেখতে একইরকম, লম্বায় ছিল সাড়ে পাঁচ ফুট। রং ছিল সবুজ। এ দুটি সাপও মেরে ফেলা হয়েছে। চুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে আগাছা-জঙ্গল বৃদ্ধি পাওয়ায় সাপের উপদ্রব বেড়ে গেছে। এই জঙ্গল পরিষ্কার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কার্বলিক এসিড ছিটানো হবে।’