চুয়েট তথ্যপ্রযুক্তি উত্সব
‘দেশীয় শিল্পকে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে আধুনিক তথ্য-যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার বাড়াতে হবে। মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করা, নতুন নতুন দেশীয় প্রযুক্তি উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা থাকা জরুরি। ’চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি অনুষ্ঠিত টেলিটক-চুয়েট তথ্যপ্রযুক্তি উত্সবের উদ্বোধনী বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। তিনি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টির লক্ষ্যে চুয়েট ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ঘোষণা দেন। উত্সবে বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম বলেন, ‘তথ্য-যোগাযোগ প্রযুক্তি খাতে সাফল্য আনতে হলে দেশে মানসম্মত বিজ্ঞানশিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। আর সে ক্ষেত্রে মানবসম্পদ ও প্রযুক্তির ব্যবহারে সমন্বয় প্রয়োজন।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান মো. তাজুল ইসলাম ও উত্সব আয়োজক কমিটির সভাপতি মীর মু. সাক্বী কাওসার ও সাংগঠনিক সম্পাদক এএসএম কায়েস।উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. সাইদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল-আমিন ভূঁইয়া, চুয়েট কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মীর মু. সাক্বী কাওসার প্রমুখ। বিকেলে শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং পর্বে অংশ নেন হোয়াই টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা। উত্সবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা, চুয়েটের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীরা সফ্টওয়্যার ও হার্ডওয়ার প্রকল্প প্রদর্শনী এবং গেমিং প্রতিযোগিতায় অংশ নেন।সন্ধ্যায় চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড সোলস, সাইকি কাইনাসিস ও রিবিলিয়াস।