চুয়েট শিক্ষার্থীদের কারণ দর্শানোর নির্দেশ শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের অযৌক্তিক ক্লাস বর্জনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব শিক্ষার্থীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গত ২৯ মার্চ অনুষ্ঠিত সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌক্তিক কারণ ছাড়াই শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার্থীদের মূল্যবান সময় এবং রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি একাডেমিক শৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এভাবে চলতে থাকলে আরও সেশনজটের সৃষ্টি হতে পারে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের ক্লাসে না আসার কারণ উল্লেখ করে ক্লাস শুরু করার জন্য বিভাগীয় প্রধানের কাছে আবেদন করতে বলা হয়েছে।এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার প্রথম আলোকে জানান, চুয়েটে ক্লাস বর্জনের প্রবণতা কমানোর জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বর্জনের কারণ উল্লেখ করে ক্লাস শুরুর আবেদন না করলে নিজ নিজ বিভাগের প্রধানেরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।