চুয়েটডিএস: প্রকৌশলী বিতার্কিকদের সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৌশল শিক্ষার পড়াশোনার পাশাপাশি বি​তর্কে মেতে থাকেন চুয়েটডিএসের সদস্যরা l প্রথম আলো
প্রকৌশল শিক্ষার পড়াশোনার পাশাপাশি বি​তর্কে মেতে থাকেন চুয়েটডিএসের সদস্যরা l প্রথম আলো

নিয়মিত ক্লাস, পরীক্ষা আর বিভিন্ন গবেষণামূলক প্রকল্প নিয়ে সময় কাটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ ধরাবাঁধা নিয়মের বাইরে সময় বের করা একটু কঠিন। তবে অসম্ভব যে নয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতার্কিকেরাই এর প্রমাণ। এখানকার উদ্যমী শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি দেড় দশক আগে প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস)।
‘যুক্তি দিয়ে গাই শুদ্ধ আত্মার গান’ এ মূলমন্ত্র নিয়ে সংগঠনটির যাত্রা শুরু ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি। দেখতে দেখতে কেটে গেছে ১৫ বছর। এর মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠন আয়োজিত অসংখ্য বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন চুয়েটডিএসের সদস্যরা। সর্বশেষ গত বছর দৃষ্টি আয়োজিত পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চুয়েটডিএস দল। বিতর্কের পরিধিকে আরও বিস্তৃত করেছে সংগঠনটি। প্রতিবছর নিয়মিত আয়োজন করে আসছে আন্তহল বিতর্ক প্রতিযোগিতা, আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা এবং আন্তবিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতা।
ব্যতিক্রমী যত উদ্যোগ: এ সংগঠনের সদস্যরা নিজেদের কেবল বিতর্ক প্রতিযোগিতায় আবদ্ধ রাখেননি। ব্যতিক্রমধর্মী বিভিন্ন কর্মসূচির আয়োজন করছেন তাঁরা। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে চুয়েটডিএস পাঁচ বছর ধরে আয়োজন করে আসছে ‘তারুণ্য উৎসব’। তারুণ্য উৎসবে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি থাকে বাউলসন্ধ্যা, মঞ্চনাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোতিা, ফটোগ্রাফি প্রতিযোগিতাসহ আরও নানান আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির প্রতিভা বিকশিত করার লক্ষ্যেÿ চুয়েটডিএস প্রকাশ করে ত্রৈমাসিক পত্রিকা অাড্ডারু ও বিতর্কভিত্তিক প্রকাশনা মাননীয় স্পিকার।
দেশে কোনো বড় দুর্যোগ দেখা দিলে চুপ করে বসে থাকেন না চুয়েটডিএসের সদস্যরা। সুন্দরবনে তেল বিপর্যয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সকারের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল।
চুয়েটডিএসের কার্যক্রম সম্পর্কে সংগঠনটির বর্তমান সভাপতি শুভদীপ কর বলেন, ‘এখানে অনেকে মিলে এক হয়ে কাজ করি আমরা। আমার কাছে এটা তারুণ্যের প্রতীক। চুয়েটডিএস তারুণ্যকে অনুভব করতে শেখায়।’ বিতর্কচর্চা শিক্ষার্থীদের সুনাগরিক ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।