চুয়েটে র‌্যাগিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‌্যাগিংয়ের নামে চলছে অমানবিক নির্যাতন। গত তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, খাবারের ক্যানটিন, গোলচত্বর, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে র‌্যাগিংয়ের শিকার হচ্ছে সদ্য ক্লাস শুরু করা চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। জ্যেষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ভয়ে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক চুয়েটের প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েক দিন হলো ক্যাম্পাসে এসেছি। দিনের বেলা ক্লাসে যাই আর রাতজুড়ে আমাদের ওপর চলে র‌্যাগিং। বড় ভাইয়েরা (জ্যেষ্ঠ ছাত্র) কান ধরে সমগ্র হলে কয়েকবার ঘুরিয়ে তিন-চার ঘণ্টা একটানা একপায়ে দাঁড় করিয়ে রেখেছিলেন। আরও অনেক কিছু করিয়েছেন যা বলতে পারব না। এখন ডাইনিংয়ে খাবার খেতে এবং পড়ালেখার জন্য খাতা কেনা ও ফটোকপি করতে বাইরে যেতেও ভয় পাচ্ছি।’এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ র‌্যাগিংয়ের বিষয়টি আমরা অবগত হয়েছি। ইতিমধ্যে র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত ছাত্রদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না।’ জানা যায়, ৭ মে চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয় এবং ওই দিন তাঁদের হলে আসন বরাদ্দ দেওয়া হয়। আসন বরাদ্দ পাওয়ার পর পরই শিক্ষার্থীদের ওপর শুরু হয় র‌্যাগিং। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের সব জায়গায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের দেখার সঙ্গে সঙ্গে চলে র‌্যাগিং। বিশেষ করে রাতেরবেলায় চুয়েটের বিভিন্ন বর্ষের ছাত্ররা একত্র হয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্যাতন ( র‌্যাগ) করছেন।এদিকে গত বুধবার মধ্যরাতে চুয়েটের নতুন হলে সি-২১৪ ও সি-২০৩ নম্বর কক্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংয়ের সময় হাতেনাতে ধরা পড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার নতুন হল প্রাধ্যক্ষ আশুতোষ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এসব শিক্ষার্থীর পৃথক পৃথকভাবে ১৭ মে সন্ধ্যায় সশরীরে হলে এসে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে চুয়েটের ‘নতুন’ হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘নতুন হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং করা অবস্থায় আমরা দ্বিতীয় বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছি। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’