চুয়েটে আতশবাজি আর হই-হুল্লোড়ে নববর্ষ বরণ
ঢাক-ঢোল, আতশবাজি আর হই-হুল্লোড়ে নববর্ষকে স্বাগত জানাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছার সঙ্গে সঙ্গে উৎসবে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।এবারের বর্ষবরণে ব্যতিক্রমী আয়োজন ছিল বার্বি-কিউ পার্টি। শহীদ মুহাম্মদ শাহ হলের ছাদে ও গোলচত্বরের কাছের টিলায় বার্বি-কিউ পার্টির আয়োজন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে, আতশবাজি ও হইচই করে স্বাগত জানান নতুন বছরকে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আবু হানিফ সাইফুল্লাহ বলেন, ‘নতুন বছরের প্রথম প্রহরকে স্মরণীয় করে রাখতে আমরা বন্ধুরা এ বার্বি-কিউ পার্টির আয়োজন করেছি।’থার্টি ফার্স্ট উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই শিক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, শহীদ মুহাম্মদ শাহ হল এবং নতুন হলসহ পুরো চুয়েট ক্যাম্পাসে।