চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক মাস ধরে উপাচার্যের পদ খালি। এমনকি বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বেও কেউ নেই। ফলে স্থবির হয়ে পড়ছে প্রসাশনিক কার্যক্রম।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. শ্যামল কান্তি বিশ্বাস চুয়েটে উপাচার্য হিসেবে যোগদান করেন ২০০৮ সালের ২৯ জানুয়ারি। গত ২৮ জানুয়ারি তাঁর দ্বায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়। এক মাস পেরিয়ে গেলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। এমনকি ভারপ্রাপ্ত হিসেবেও কাউকে দ্বায়িত্ব দেওয়া হয়নি।চুয়েটের নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী বলেন, ‘উপাচার্য না থাকায় প্রকৌশল দপ্তরের কোনো প্রসাশনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফলে আটকে আছে বিভিন্ন প্রকল্পের নথি ও একাধিক ঠিকাদারের বিল।এ প্রসঙ্গে ঠিকাদার ইমতিয়াজ হাসান বলেন, ‘আমি অ্যাটকো ইন্টারন্যাশনালের অধীনে চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ভবনের কাজ করছি। উপাচার্য না থাকার কারণে আমাদের ৪২ লাখ টাকার বিল আটকে আছে। বর্তমানে টাকার স্বল্পতায় কাজের গতিও কমে গেছে। দ্রুত বিল না পেলে আমরা আপাতত কাজ বন্ধ করে দেব।’ ক্রয় (প্রকিউরমেন্ট) বিভাগের কর্মকর্তারা জানান, উপাচার্য ক্রয় কমিটির প্রধান। তাঁর (উপাচার্য) অনুমোদন ছাড়া কোনো নতুন জিনিস কেনা সম্ভব নয়। বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হকেপ) আওতায় পাঁচটি উপপ্রকল্পের জন্য গবেষণাগারের যন্ত্রপাতি কেনা জরুরি, কিন্তু পারা যাচ্ছে না। এ ছাড়া ক্রয় করা কিছু মালামালের ঠিকাদারদের বিলও দেওয়া যাচ্ছে না। বিষয়টি স্বীকার করে ক্রয় (প্রকিউরমেন্ট) বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘উপাচার্য না থাকায় ক্রয়-সংক্রান্ত অনেকগুলো নথি আটকে আছে। ফলে আমাদের কাজ অনেকটা স্থবির হয়ে আছে।’ উপাচার্য না থাকায় প্রশাসনিক জটিলতা সম্পর্কে চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে কেউ নেই। ফলে প্রশাসনিক কাজে জটিলতা বাড়ছে। আর নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারেও আমরা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাইনি।’