চুয়েটে জাগরণ উৎসব
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মিলনমেলা বসেছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। গত ২৩ সেপ্টেম্বর এ উপলক্ষে চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় জাগরণ উৎসব। আয়োজক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিচ্ছিন্নভাবে যোগাযোগ হলেও এক জায়গায় মিলিত হয়ে কোনো অনুষ্ঠান করা হয়ে ওঠেনি কখনোই। তাই অনেক দিন ধরেই একটি স্বপ্ন দেখছিলাম, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে একটি অনুষ্ঠান করব।’ এভাবেই জাগরণের উৎসব আয়োজনের উদ্দেশ্যের কথা জানালেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মো. আতাউর রাব্বী। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাস। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে মিলনায়তনের সামনে শেষ হয়। এরপরই ছিল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত চুয়েটবিষয়ক সংবাদ নিয়ে ব্যতিক্রমধর্মী সংবাদ প্রদর্শনী। মিলনায়তন প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি। সংবাদ প্রদর্শনীর পরই ছিল আলোকচিত্র প্রদর্শনী। আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতার জন্য ১১টি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ১২৩টি আলোকচিত্র থেকে সেরা ২৪টি এ প্রদর্শনীতে স্থান পায়। এরপর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাধব দীপ। উৎসবের সন্ধ্যার অয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা। এরপরই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি।উৎসবে সেরা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুজন ঘোষ, সেরা আলোকচিত্রী হিসেবে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আকমামুল হক, সেরা চুয়েট প্রতিবেদক হিসেবে রেদুয়ানুল হালিম এবং চুয়েটের সেরা অনলাইন প্রতিবেদক হিসেবে জয়িতা বিশ্বাস পুরস্কার লাভ করেন।