চুয়েটে জাতীয় শোক দিবস পালন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রধান রণজিৎ কুমার সূত্রধর, বিভাগীয় প্রধানদের পক্ষে মো. মাহবুবুল আলম, প্রভোস্টদের পক্ষে মো. আবদুল ওয়াজেদ, শিক্ষক জামাল উদ্দিন আহমেদ, কর্মকর্তা সমিতির সভাপতি মো. ইউসুফ মিঞা, সহসভাপতি মো. সফিকুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ।সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং হত্যাকাণ্ডের শিকার তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।