চুয়েটে তারুণ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র গবেষক ও ভাষা সংগ্রামী আহমেদ রফিক বলেছেন, ‘যে জাতি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছিল, সে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিচ্যুতি তরুণেরা মেনে নেবে না।’গত ২০ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাঁকে চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হয়। আহমেদ রফিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহা। সভাপতিত্ব করেন ফারুক-উজ-জামান চৌধুরী।আবুল মোমেন বলেন, প্রথম আলো এ ধরনের যেকোনো ভালো কাজে সব সময় পাশে থাকবে। তিনি দেশের স্বার্থে তরুণ সমাজকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।‘দেয়াল তুললেই ঘর, ভেঙে ফেললে পৃথিবী’ এই স্লোগানে গত ১৮ এপ্রিল শুরু হয় ‘প্রথম আলো-চুয়েট ডিএস তৃতীয় তারুণ্য উৎসব’। তিন দিনব্যাপী উৎসবের আয়োজক চুয়েট ডিবেটিং সোসাইটি।উৎসব উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য রফিকুল ইসলাম।উদ্বোধনী দিনে চুয়েট মিলনায়তনে মঞ্চস্থ হয় আবদুল্লাহ আল-মামুনের লেখা মঞ্চনাটক মেরাজ ফকিরের মা। পরিবেশনায় ছিল চুয়েট ডিএস থিয়েটার। দ্বিতীয় দিন ছিল আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব। এতে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশগ্রহণ করে। পরে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন খ্যাতনামা আলোকচিত্র প্রশিক্ষক মুজিবর রহমান খান। এতে ইমরাউল রাফাত পরিচালিত নাটক মেড ইন চিটাগাং ৪-লাভ ইন চিটাগাং এবং সাইফুল ওয়াদুদ নির্মিত প্রামাণ্যচিত্র অপরাজেয় বাংলা-এর প্রিমিয়ার শো দেখানো হয়েছে। সন্ধ্যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে শিক্ষার্থীদের তৈরি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এতে অতিথি ছিলেন চিত্রশিল্পী ঢালী আল মামুন এবং আজিজা চৌধুরী। সবশেষে ছিল চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী রচিত নাটক আদর্শলিপির প্রিমিয়ার শো। সমাপনী দিনে ‘প্রযুক্তি উৎসব’ উদ্বোধন করেন সজল চন্দ্র বণিক। এতে সাতটি বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রযুক্তিবিদ তাঁদের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ও বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের শোকসভা অনুষ্ঠিত হয়। দুপুরে ছিল আন্তবিশ্ববিদ্যালয় এবং আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল জুডো ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। একই দিনে চুয়েট কেন্দ্রীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘প্রজন্মের পরিবেশ ভাবনা’ শীর্ষক গোলটেবিল। সন্ধ্যায় আয়োজন করা হয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব এবং ওপেন এয়ার কনসার্ট। এতে আটটি বিশ্ববিদ্যালয়ের ১১টি দলের বিভিন্ন পরিবেশনা উপস্থিত সবাইকে মোহিত করে।