চুয়েটে তারুণ্যের উৎসব
‘আমরা সূর্যের আলো চাই। তার থেকে ধার করা চাঁদের আলো মানে জোছনাও চাই। আবার চাই জোনাকির আলো। বিবিধ আলোয় আলোকিত হতে চাই আমরা।’—বললেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। বক্তৃতা মঞ্চে নয়, এক আড্ডায়। ১২ ফেব্রুয়ারি বিকেলে এ আড্ডা বসেছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাঙ্গণে। ওই দিন সন্ধ্যায় চুয়েট মিলনায়তনে হয়েছে ‘নুরুল আলম আতিক ও তাঁর সিনেমা’ নিয়ে আলোচনা। চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়ের কোলঘেঁষা, সবুজ বনানীর বুকে থাকা চুয়েটে আতিকের ছুটে যাওয়ার বিষয়টিকেও বলা চলে চুয়েট ডিবেটিং সোসাইটির তরুণ তুর্কিদের এক রকমের বিজয়।চুয়েট ডিবেটিং সোসাইটির ‘তারুণ্য উৎসব’ চলেছে ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি। তাদের সহায়তায় ছিল প্রথম আলো ও সুপারক্রিট সিমেন্ট। তিন দিনের আয়োজনে নাচ, গান, নাটক, সিনেমা, বিতর্ক, বিজ্ঞান মেলা, প্রকাশনায় মুখরিত ছিল চুয়েট ক্যাম্পাস। তাতে অংশ নেয় দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। চুয়েট ডিবেটিং সোসাইটি ২০০৮ সালে প্রথম এ রকম একটি অনুষ্ঠান করে। সোসাইটি তিনটি শাখার মাধ্যমে সারা বছর চুয়েট ক্যাম্পাসে শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা করে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রভাতফেরি, করতালি ও মিছিল। ‘প্রভাতফেরি’ সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনক্ষমতা বাড়ানোর চেষ্টা করে থাকে। ‘করতালি’ বিতর্ক-চর্চার মধ্য দিয়ে তরুণদের ভাবনার জায়গা করে শাণিত। আর ‘মিছিল’ করে থাকে প্রকাশনার কাজ। তিনটি শাখার কার্যক্রমের ভেতর দিয়েই চলেছে ‘তারুণ্য উৎসব ২০১০’। তারুণ্যের উৎসব উপলক্ষে মিছিল নামে একটি স্মরণিকা বের হয়েছে।১১ ফেব্রুয়ারি তারুণ্য উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি অনুষ্ঠানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁদের বিপ্লবের স্মৃতিচারণা করেন। বর্ষীয়ান এই বিপ্লবী তরুণ-তুর্কিদের উদ্দেশে বলেন, ‘তরুণদের সঙ্গে ছিলাম, আছি ও থাকব।’ চুয়েট ডিবেটিং সোসাইটির গ্রুপ থিয়েটার প্রদর্শিত দেওয়ান গাজীর কিস্সা নাটকের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়।তরুণরা যে বর্তমান নাগরিক জীবনের সমস্যাগুলো নিয়ে ভাবে তা বোঝা গেল তারুণ্য উৎসবের বিজ্ঞান মেলায়। ১২ ফেব্রুয়ারি এই মেলায় এখানে কারও প্রকল্পে দেখানো হয়েছে যানজট সমস্যা সমাধানের উপায়, কেউ বা উপস্থাপন করেছে পানি বিশুদ্ধ করার যন্ত্র। ওই দিন আরও ছিল মেহেদি উৎসব ও বই প্রদর্শনী। ১৩ ফেব্রুয়ারি উৎসবের সমাপনী দিনে ছিল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই দিন রাতে তারুণ্য উৎসবের পর্দা নামে। তারুণ্যের উৎসব সম্পর্কে চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান হাবিব বলেন, ‘একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুবিশাল সিলেবাসের চাপে পড়ে শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতির চর্চা উধাও হয়ে যাওয়া অনেকটাই স্বাভাবিক। আরও নানা কারণে আমাদের দেশের প্রায় সবকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সঙ্গে শিল্প-সংস্কৃতির যোজন দূরত্ব চোখে পড়ে। আমাদের আয়োজন এই দূরত্ব ঘোচানোর চেষ্টামাত্র।’