চুয়েটে তড়িৎকৌশল দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎকৌশল ও ইলেকট্রনিক বিভাগের শিক্ষার্থীরা ১৮ জুলাই উদ্যাপন করলেন তড়িৎকৌশল দিবস। নেচে-গেয়ে, আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তারা দিবসটি পালন করে। প্রবীণ বিদায় ও নবীন বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে। সকালে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এরপর চলতে থাকে আলোচনা সভা আর স্মৃতিচারণ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তড়িৎকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. রফিকুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন পরিতোষ কুমার সাধু খান, আর্কিটেকচার ও পরিকল্পনা অনুষদের ডিন জাহাঙ্গীর আলম এবং তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক শামসুল আলম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ ও বক্তব্য দেন অরিজিৎ রায়, হুমায়ুন কবির, দেবাশীষ দাশ ও জোবায়দা আক্তার। বিকেলে ইংরেজি চলচ্চিত্র অ্যাভাটার দেখানো হয়। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাজ্জাদ শুভর মঞ্চনাটিকা, ঈশিতা-উজ্জ্বলের ফিউশনধর্মী নাচ, ফ্যাশন শো, সাজিদ আর রাজেশের গান, খন্দকার শোয়েবের ‘বিজয়কেতন উড়ে’ ও সুব্রতের ‘দ্বিধা’ গানের মিউজিক ভিডিও দর্শকদের আনন্দ দেয়। তবে কামরুল হাসান পরিচালিত মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থা নিয়ে নির্মিত আকাশ বাড়িয়ে দাও, মো. রুবাইয়্যাত উদ্দীন পরিচালিত জঙ্গি সন্ত্রাস প্রেক্ষাপটে নির্মিত আনডিফাউন্ড মিশন এবং ফয়সাল শুভ পরিচালিত বিভূম নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পুরো অনুষ্ঠান উপস্থাপনা ছিলেন খেয়া, বাঁধন, আসিফ ও মামুন। রাতে কনসার্টের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। কনসার্টে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড তীরন্দাজ ও শিল্পী মৌসুমী গান করেন। আয়োজকদের অন্যতম সায়েম, আরিফ ও ফিরোজ জানান, ‘তড়িৎকৌশল বিভাগের শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই দিবসটি আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।’