চুয়েটে দুই দিনের তথ্যপ্রযুক্তি উৎসব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনের কম্পিউটার কৌশল বিভাগ (সিএসসি) উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। উৎসবে মক কনটেস্ট, আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং কনটেস্ট, স্যাটেলাইট, স্বয়ংক্রিয় যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন-পদ্ধতি এবং কগনেটিভ রেডিওর ওপর তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়।গত শুক্রবার উৎসবের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. সাইফুল ইসলাম।শেষ দিন কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের বিজ্ঞান ও আইসিটির পরামর্শক মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর স্বাকী কাওসার। উৎসবে চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ২১টি দল অংশ নেয়।