চুয়েটে দেশি-বিদেশি গবেষকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চারদিকে নজরকাড়া রঙিন পোস্টার, ফেস্টুন আর ব্যানার। ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। এ উৎসবে বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষকদের সঙ্গে যোগ দিতে পেরে আমি সত্যি আনন্দিত।’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তর্জাতিক সম্মেলনে (আইসিএমইআরই) এসে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মি. মনডে। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াজেদ বললেন, ‘এই সম্মেলনের সুবাদে আমরা বিভিন্ন দেশের বিশিষ্ট গবেষকদের সঙ্গে পরিচিত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পেরেছি। আলাপ-আড্ডায় পরস্পরকে কাছে থেকে জানতে পেরেছি। যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে এ সম্মেলন।’২২ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ওপর তিন দিনব্যাপী এ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশসহ ১৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন গবেষক অংশ নেন। প্রত্যেকেই পৃথক বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।সম্মেলনে এ ছাড়াও ছিল রোবট দৌড় প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, পোস্টার উপস্থাপন ও চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে সবার দৃষ্টি কাড়ে রোবট দৌড় প্রতিযোগিতা। দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এতে অংশ নেয়। চুয়েট থেকে আটটি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে চারটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তিনটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে চারটি দল এতে অংশ নেয়। এ ছাড়াও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটি করে দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আইইউটি-এর সাইবর্গস নামের এ দল। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে চুয়েটের বেদুইন, বুয়েটের স্পার্কলেস ও চুয়েটের বিওয়ানড রিপেয়ার নামক দল। ২২ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএসএমই) এর সভাপতি এম এইচ খান। চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওয়াশিংটনের পার্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ লতিফ, জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মি. মনডে, সেমিনার আয়োজন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, অধ্যাপক সদরুল ইসলাম এবং ড. সজল চন্দ্র বণিক প্রমুখ। ২৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান হয় নগরের একটি হোটেলে। এতে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার ছিল চুয়েটনিউজ২৪.কম (www.cuetnews24.com)।