চুয়েটে বিদ্যুৎ-বিভ্রাট
বিদ্যুৎ-বিভ্রাটে অতিষ্ঠ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। প্রকৌশল শিক্ষার অধিকাংশ ক্লাস, ব্যবহারিক ও অ্যাসাইনমেন্ট প্রজেক্টর নির্ভর হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রয়োজন। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘আমাদের বেশির ভাগ অ্যাসাইনমেন্ট, পড়াশুনা কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক। তাই সময়ে-অসময়ে বিদ্যুৎ-বিভ্রাট পড়াশুনার ব্যাপক ক্ষতি করছে।’এ প্রসঙ্গে চুয়েটের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ-বিভ্রাটের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী। এখানে আমাদের কিছুই করার নেই।’খোঁজ নিয়ে জানা যায়, চুয়েটে বিদ্যুৎ সরবরাহের মূল লাইনটি রাঙ্গুনিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত। কিন্তু এই লাইনে অধিকাংশ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ ছাড়া ছোট-খাটো সমস্যায়ও দীর্ঘ সময় বিদ্যুৎ পাওয়া যায় না বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘গত কয়েক দিনে চুয়েটের বিদ্যুৎ লাইনে কিছু মেরামতকাজ করা হয়েছে। এ ছাড়া ঝড়ে তারের ওপর গাছ পড়ে লাইন বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ সরবরাহ কিছুটা বিঘ্নিত হচ্ছে।’ জানা যায়, চুয়েটে নিরবচ্ছিন্নভাবে বিদুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষ ২০০৬ সালে ৮৬ লাখ টাকা ব্যয়ে ১৫০ কেভির গ্যাসচালিত তিনটি জেনারেটর ক্রয় করে। এর মধ্যে দুটি জেনারেটর সবসময় চালু রাখতে পারলে বিদ্যুতের কোনো ঘাটতি হবে না বলে জানান তখনকার টেকনিক্যাল কমিটির সদস্যরা। কিন্তু পরীক্ষামূলকভাবে চালু অবস্থায় দুটি জেনারেটর নষ্ট হয়ে যায়। এরপর যেটি সচল ছিল সেটিও বর্তমানে চালু নেই। তবে হলগুলোতে শুধু বাতি জ্বালানোর জন্য এখন একটি ডিজেলচালিত জেনারেটর চালু রাখা হয়েছে। এ প্রসঙ্গে প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের গ্যাসচালিত জেনারেটরগুলো নষ্ট। তাই পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে সম্প্রতি একটি ডিজেলচালিত জেনারেটর দিয়ে আমরা হলগুলোতে শুধু বাতি জ্বালানোর ব্যবস্থা করেছি।’