চুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৬ অক্টোবর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদ্যাপিত হলো সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বিআইটি-চট্টগ্রামকে অধ্যাদেশ জারির মাধ্যমে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পর থেকে প্রতিবছর দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করছেন চুয়েটের শিক্ষার্থী-শিক্ষকেরা। কিন্তু এবার রমজানে দিবসটি পড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় এক মাস পর উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।সকালে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীর আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর ক্যাম্পাসের পরিবেশবাদী সংগঠন গ্রীন ফর পীসের উদ্যোগে চুয়েট মেডিকেল সেন্টারসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. জাহাঙ্গীর আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, অর্জন ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাহরা বিনতে হক, পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের এম হাসান, ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের রকি বৈদ্য ও কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের মাহমুদ হাসান। প্রধান অতিথি বলেন , ‘বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের যাত্রা মাত্র সাত বছর হলো। আমরা যদি বুয়েটের প্রথম সাত বছরের সঙ্গে নিজেদের কল্পনা করি তাহলে সেই সময়ের থেকে আমরা অনেকগুণ বেশি এগিয়ে রয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি সাধনের জন্য নিরলসভাবে কাজ করছি। আমরা বিগত কয়েক বছরে বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করেছি। আমাদের প্রধান সমস্যা আর্থিক সংকট। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আয় তা অতি সামান্য। ফলে প্রতিবছর যা বাজেট হয় তার বেশির ভাগ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিতেই চলে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ তেমন একটা করতে পারি না। আমাদের বাজেট যদি পর্যাপ্ত হতো বিশ্ববিদ্যালয়কে অনেক সুন্দর করে তৈরি করতে পারতাম।’ বিকেল সাড়ে চারটায় চুয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী আন্তহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন ছাত্রী হলের অনিন্দিতা এবং কুদরত-এ-খুদা হলের প্যালাডিন দল। চূড়ান্ত পর্বে বিজয়ী হন কুদরত-এ-খুদা হলের প্যালাডিন দলটি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন এ এস এম রিদওয়ানুর রহমান। চূড়ান্ত পর্বে ‘সাংস্কৃতির বিনিময়ই এনে দিতে পারে বিশ্ব শান্তি’ শীর্ষক একটি সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এ ছাড়া চুয়েট পথপরিক্রমা নামে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করে যা উপস্থিত সবার প্রশংসা লাভ করে। বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে ক্যাম্পাস ও আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আলোর মিছিল’ নামে একটি বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির এবং ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ আর মজার মজার সব পরিবেশনা দিয়ে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তারা মাতিয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন।