চুয়েটে ভর্তি আবেদনের হার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তিযুদ্ধে প্রতিযোগিতা বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর প্রতি আসনে প্রতিযোগী বেড়েছে চারজন। গত বছর প্রতি আসনে আটজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এবার প্রতি আসনের জন্য ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন প্রায় ১২ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ৬০০ আসনের বিপরীতে চার হাজার ৩৪৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। আর চলতি ২০১১-১২ শিক্ষাবর্ষে আবেদনকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২৩৭ জন। এ বছর আবেদনের সংখ্যা বেড়েছে ৬৬ দশমিক ৪ শতাংশ। সূত্র জানায়, সাত হাজার ২৩৭ জন আবেদনকারীর মধ্যে ২৪ জন ছাড়া বাকি সবাই টেলিটকে খুদেবার্তার মাধ্যমে তাঁদের আবেদন পাঠান। ২৪ জন সরাসরি চুয়েটের প্রশাসনিক ভবনে গিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। ‘ক’ গ্রুপের অধীনে ৫৭০ আসনের বিপরীতে ছয় হাজার ৩৪০ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে ৩০ আসনের বিপরীতে ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার প্রতি আসনের বিপরীতে ‘ক’ গ্রুপে ১২ জন এবং ‘খ’ গ্রুপে ৩০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা যায়, চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুটি গ্রুপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের সাতটি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পরীক্ষা হবে আগামী ১৯ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ে সাধারণ আসন রয়েছে ৬০০টি। আর কোটায় রয়েছে ১১টি।বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাওয়াদুর রহমান বলেন, ‘স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এখন পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে।’ গত ২৫ সেপ্টেম্বর মুঠোফেনের মাধ্যমে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা পড়ে। এ বিষয়ে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এ বছর ভর্তি আবেদনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিভাগ, অনুষদ ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের চুয়েটে ভর্তির আগ্রহ বেড়েছে বলে মনে হচ্ছে।’