চুয়েটে ভর্তি প্রক্রিয়া শুরু ৭ ডিসেম্বর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে ভর্তি-প্রক্রিয়া ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এবার পাঁচটি অনুষদের অধীনে সাত বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মোট ৬০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ৭ ডিসেম্বর ভর্তির প্রথম দিনে স্থাপত্য বিভাগে মেধাক্রম এক থেকে ৩০, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে এক থেকে ২০০ পর্যন্ত এবং উপজাতীয় কোটায় নির্বাচিত সাতজনকে ভর্তি করা হবে। এ ছাড়া ৮ ডিসেম্বর ২০১ থেকে ৪৩০ পর্যন্ত এবং ১১ ডিসেম্বর ৪৩১ থেকে ৫৭০ পর্যন্ত ভর্তি করা হবে। ভর্তি-প্রক্রিয়া চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ভর্তি-সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে।