চুয়েটে ভর্তির আবেদন করার শেষ দিন ২৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। খুদেবার্তার মাধ্যমে ভর্তির আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা ও এ লেভেলের শিক্ষার্থীদের আবেদনপত্র খুদেবার্তার মাধ্যমে করা যাবে না। সোনালী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট সংগ্রহ করে ডাকযোগে বা সরাসরি চুয়েট কার্যালয়ে এসে আবেদনপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর, বিকেল পাঁচটা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বরসহ নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ২ নভেম্বর। ভর্তি পরীক্ষার সময়সূচি: আগামী ১৯ নভেম্বর, শনিবার সকাল ১০টায় নৈর্ব্যক্তিক পরীক্ষা এবং বেলা আড়াইটায় মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর।আবেদন ফি: ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) জন্য ৫০০ টাকা, ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) জন্য ৬০০ টাকা। যেসব শিক্ষার্থী শুধু ২০১১ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করেছেন, অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে তাঁরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসনসংখ্যা: পুরকৌশল বিভাগ ১৩০টি, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ ১২০টি, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ১৩০টি, যন্ত্রকৌশল বিভাগ ১৩০টি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩০টি, স্থাপত্য বিভাগ ৩০টি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৩০টিসহ মোট ৬০০টি আসন। এ ছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার আদিবাসীদের জন্য—১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে চার গ্রেড পেতে হবে। অথবা সমমানের পরীক্ষায় সমতুল্য নম্বর বা গ্রেড পেয়ে পাস করতে হবে।প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধু ২০১১ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৩ পেয়ে পাস করতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৩ পেতে হবে।সব আবেদনকারীর মধ্য থেকে এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিতে প্রাপ্ত মোট জিপিএর ভিত্তিতে প্রথম চার হাজার ৫০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত ঘোষণা করা হবে এবং তাদের সংরক্ষিত ফরম নম্বরের বিপরীতে একটি রোল নম্বর জানিয়ে দেওয়া হবে (ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে)। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে পারবেন।ভর্তি পরীক্ষার আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) জানা যাবে।