চুয়েটে যন্ত্রকৌশল দিবস উদ্যাপন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা বরণ ও বিদায় উপলক্ষে ১ মে উদ্যাপন করলেন যন্ত্রকৌশল দিবস (মেকানিক্যাল ডে)। সকালে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ‘বহুবিধ প্রযুক্তি’ (মাল্টিফেরিয়াস টেকনোলজি) শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে বহুবিধ প্রযুক্তির উন্নয়নের বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নই পারে দেশের অর্থনীতিসহ সামগ্রিক উন্নতি ঘটাতে। প্রযুক্তি খাতে উন্নয়ন ও গবেষণায় যন্ত্রকৌশলের সঙ্গে যুক্ত মানুষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন সাইফুল ইসলাম, স্থাপত্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিন জাহাঙ্গীর আলম এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন পরিতোষ কুমার সাধু খান প্রযুক্তিনির্ভর গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। সেমিনারে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. তাজুল ইসলাম, সজলচন্দ্র বণিক, মাশরুর আহমেদ এবং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু নাহিয়ান বহুবিধ প্রযুক্তির আওতাধীন লাইন ট্র্যাকার, অটোমেশন, রোবট গবেষণাসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন মো. তাজুল ইসলাম।মধ্যাহ্নভোজের পর আয়োজন করা হয় বরণ ও বিদায়ের আনুষ্ঠানিকতা। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আর প্রবীণদের হাতে তুলে দেওয়া হয় স্মৃতিস্মারক। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল বাণী ও জ্যোতির পুঁথিপাঠ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মজার পর্ব, নাচ, গান, মিউজিক ভিডিও এবং নাটিকা। অনুষ্ঠানে চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সায়েমুল সেনাজ নির্মিত টু বি কন্টিনিউড ছবিটি দেখানো হয়।