চুয়েটে শিক্ষার মান উন্নয়নে পাঁচটি উপপ্রকল্পের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পাঁচটি উপপ্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত মাসের দ্বিতীয় সপ্তাহে ইউজিসি এ অনুমোদন দেয় বলে জানা যায়।এ সংক্রান্ত একটি চিঠি গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে। উপপ্রকল্পগুলোর প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার টাকা। ইউজিসির উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্পের (হেকেপ) একাডেমিক ইনোভেশন ফান্ডের (এআইএফ) অধীনে উপপ্রকল্পগুলো বাস্তবায়িত হবে। এগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে দুই বছর সময় পাবে। তবে নির্ধারিত সময়ে বাস্তবায়ন সম্পন্ন না হলে পরে সর্বোচ্চ আরও এক বছর সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রকল্পগুলো যদি সম্পূর্ণভাবে কার্যকর হয় তাহলে শিক্ষার মান এবং পরিবেশে অনেক ভালো হবে। এই উপপ্রকল্পগুলো উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশাসন সূত্রে জানা যায়, পুরকৌশল বিভাগে শিক্ষা উন্নয়ন এবং গবেষণাগার উন্নয়ন উপপ্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে চার কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকা। এর সমন্বয়ক পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পুরকৌশল বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান-শিখনপদ্ধতিতে সংযুক্ত যন্ত্রপাতি উপপ্রকল্পের প্রস্তাবিত ব্যয় দুই কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকা এবং এর সমন্বয়কের দায়িত্বে আছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত। মানবিক বিভাগে একটি উন্নত সেমিনার গ্রন্থাগার উপপ্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৯ লাখ ৭৮ হাজার টাকা। এর দায়িত্বে আছেন মানবিক বিভাগের মোহাম্মদ ওবাইদুল হক। তড়িৎ কৌশল বিভাগে একটি উন্নত গবেষণাগারের উন্নয়ন-ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৯৯ লাখ ৪৬ হাজার টাকা। এ ছাড়া গণিত বিভাগের এমফিল এবং পিএইচডি শ্রেণীর জন্য একটি উন্নত গবেষণাগারউপপ্রকল্পের প্রস্তাবিত অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৭৪ লাখ ৪৬ হাজার টাকা।পুরকৌশল বিভাগের উপপ্রকল্প সম্পর্কে পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, উপপ্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা বিশ্ব মানের শিক্ষা পাবে। এর ফলে চুয়েট উন্নত শিক্ষা প্রদানের ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবে। তড়িৎ কৌশল বিভাগের উপপ্রকল্প সম্পর্কে তড়িৎ কৌশল বিভাগের ডিন রফিকুল আলম প্রথম আলোকে বলেন, এই উন্নয়ন বাজেটের ফলে একটি উন্নত গবেষণাগার তৈরি করা হবে। যেখানে শিক্ষার্থী আধুনিক সব সুযোগ-সুবিধা পাবে। এর ফলে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার মান অনেক উন্নত হবে।গণিত বিভাগের উপপ্রকল্প সম্পর্কে অধ্যাপক আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘উচ্চশিক্ষার জন্য যে বাজেট আসে তা দিয়ে শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া যায় না। এ বাজেটের ফলে আমরা আধুনিক একটা গবেষণাগার তৈরি করব। এতে শিক্ষার্থীরা আধুনিক সব সুযোগ-সুবিধা পাবে।’