চুয়েটেই হচ্ছে বিশ্বকাপ!
বিশ্বকাপ হচ্ছে নিজের দেশে এবং সেখানে খেলছে বাংলাদেশ। আনন্দের বড় উপলক্ষ এর চেয়ে কী হতে পারে? বিশ্বকাপ-জ্বরে ভুগছে দেশের মানুষ। যাঁরা ক্রিকেট খেলা সম্পর্কে এত দিন আগ্রহী ছিলেন না, তাঁরাও খেলা শুরু হওয়ার পর কাজ ফেলে বসছেন টেলিভিশনের সামনে। সাকিব, তামিম, রাজ্জাকদের নাম সবার মুখে মুখে। চলছে বড় পর্দায় দল বেঁধে খেলা দেখা।অনেক বিভাগেই চলছে পরীক্ষা, বন্ধ নেই শ্রেণী কার্যক্রম, তবু বিশ্বকাপের ঢেউ ভালোভাবেই আছড়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। টেলিভিশন কক্ষ থেকে শুরু করে ক্যানটিন, ডাইনিং, গোলচত্বর থেকে শুরু করে সব জায়গাতেই যেন বিশ্বকাপের আবহ বিরাজ করছে। চলছে আনন্দমিছিল। যেখানেই তিন-চারজনের জটলা, সেখানেই বিশ্বকাপের আলোচনার ঝড়। সব দেখে কারও মনে হতে পারে চুয়েটেই বুঝি হচ্ছে এবার বিশ্বকাপের সব খেলা।পরীক্ষা থাকায় টেলিভিশন কক্ষগুলোতে বেশির ভাগ শিক্ষার্থীর হাতেই দেখা যায় বই, খাতা কিংবা নোট। একসঙ্গেই চলছে খেলা দেখা ও লেখাপড়া। আর যাঁদের পরীক্ষা নেই, তাঁদের আনন্দ-উল্লাস যেন বাঁধ মানে না। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত চলে চিৎকার-চেঁচামেচি, লাফালাফি। আবার কখনো হতাশায় কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পর দিনই পরীক্ষা থাকায় হাতে নোট নিয়েই খেলা দেখতে এসেছিলেন তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদলী। সাদলী জানান, উত্তেজনাকর খেলা ছেড়ে কক্ষে বসে লেখাপড়া সম্ভব নয়।আবাসিক ছাত্রাবাসগুলোতে বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দার টেলিভিশন দিয়েছে হল কর্তৃপক্ষ। তাই এবার উন্মুক্ত স্থানে খেলা দেখার কোনো ব্যবস্থা নেই ক্যাম্পাসে। একটু দেরিতে গেলে টেলিভিশন কক্ষে বসার জায়গা পাওয়া যায় না। সবচেয়ে বেশি ভিড় হয় বাংলাদেশের খেলার দিন। বাংলাদেশের খেলা শুরুর অনেক আগেই দখল হয়ে যায় বসার জায়গাগুলো।প্রিয় দল ভালো করলে আনন্দে লাফালাফি আবার দল খারাপ করলে হতাশায় টেলিভিশন কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। দল চার, ছয় মারলে বা বিপক্ষ দলের উইকেট পড়লে সবাই ফেটে পড়েন উল্লাসে। দল জিতে গেলে সঙ্গে সঙ্গে আনন্দমিছিল বের করাও যেন নিয়মমাফিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।