চুয়েটের ছাত্রীনিবাসে চুরি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল ছাত্রীনিবাসে চুরির ঘটনা ঘটেছে ১০ সেপ্টেম্বর। ওই দিন রাতে চতুর্থ বর্ষের এক ছাত্রীর কক্ষ থেকে একটি মুঠোফোন চুরি হয়। ছাত্রীনিবাসে ব্যাপক নিরাপত্তার মধ্যেও এ রকম চুরির ঘটনায় সাধারণ ছাত্রীরা আতঙ্কিত। জানা যায়, ১০ সেপ্টেম্বর রাতে ছাত্রীনিবাসের এ ব্লকের ২০৭ নম্বর কক্ষে চুরির এই ঘটনা ঘটেছে। এ দিন রাতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঈষিতা লস্কর সেমিস্টার পরীক্ষার কারণে রাতে দেরি করে ঘুমিয়েছিলেন। কিন্তু রাত সাড়ে চারটার সময় তিনি ঘুমের ঘোরে খেয়াল করেন একজন লোক মুখে গামছা পেঁচিয়ে জানালা দিয়ে লম্বা বাঁশের সাহায্যে তাঁর মুঠোফোনটি টেনে নিয়ে যাচ্ছেন। পরে তিনি সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুললেও চোরকে ধরা যায়নি। ছাত্রীনিবাস সূত্রে জানা যায়, গত ৯ মে প্রায় একই রকম চুরির কারণে একই ব্লকের ২০৫ নম্বর কক্ষের তৃতীয় বর্ষের নাদিয়া সুলতানাকেও মোবাইল হারাতে হয়। এর আগেও মোবাইল চুরির ঘটনা ঘটেছে ছাত্রীনিবাসের ১১১ নম্বর কক্ষে। ফলে এই নিয়ে গত আট মাসে তিনটি মুঠোফোন চুরি হয়েছে। ছাত্রীনিবাসের ১০৬ নম্বর কক্ষ থেকেও টাকা চুরির ঘটনা ঘটেছে। চুরির এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ জানান, ছাত্রীনিবাসের দুর্বল নিরাপত্তার কারণে এ সব চুরির ঘটনা অহরহ ঘটছে। এ প্রসঙ্গে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ ড. রনজিৎ কুমার সূত্রধরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।