চুয়েটের তৃতীয় সমাবর্তন ১৪ মার্চ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান উপস্থিত থাকবেন। চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম ও সহ–উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
সমাবর্তন অনুষ্ঠানে ২০১২ সালের ১৬ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী মোট ১ হাজার ৬০৩ জনকে সনদ প্রদান করা হবে। এর মধ্যে ১ হাজার ৫৬৪ জন স্নাতক, ৩২ জন মাস্টার্স, চারজন পোস্টগ্র্যাজুয়েশন ডিপ্লোমা এবং তিনজন পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমাবর্তনে রাষ্ট্রপতি চারজনকে গোল্ড মেডেল দেবেন। উল্লেখ্য, চুয়েটে ২০০৮ সালে প্রথম ও ২০১২ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।