চুয়েটের দুই শহীদের কথা জানেন না শিক্ষার্থীরা
দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন এমন অনেক শহীদের বীরত্বগাথা এখনো আমাদের কাছে অজানা। এ রকমই দুই শহীদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী তারেক হুদা ও মোহাম্মদ শাহ। চুয়েটের অনেক শিক্ষার্থীই জানেন না এই দুই শহীদের গৌরবগাথা । শহীদ মোহাম্মদ শাহ্: একাত্তরে শহীদ মোহাম্মদ শাহ্ ছিলেন তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগের (বর্তমান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেশে যুদ্ধের দামামা বেজে উঠলে তিনি সিদ্ধান্ত নেন সরাসরি যুদ্ধে যাবেন। কিন্তু তার আগেই মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে গিয়ে পাকিস্তানিদের রোষানলে পড়ে তিনি শহীদ হন।জানা যায়, চন্দ্রঘোনায় মোহাম্মদ শাহদের নিজস্ব পেট্রোল পাম্প এবং গ্রামের বাড়িতে একটি ওষুধের দোকান ছিল। তিনি ও তাঁর আরেক ভাই আহাম্মদ শাহ (একাত্তরে রাঙ্গুনিয়া কলেজের বিকম শেষ বর্ষের ছাত্র) সেখান থেকে মুক্তিযোদ্ধাদের জ্বালানি ও ওষুধ সরবরাহসহ নানাভাবে সাহায্য করতেন। রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধাদের শক্ত অবস্থান তৈরি করার ক্ষেত্রেও অবদান ছিল এ দুই ভাইয়ের। ১৫ এপ্রিল পাক বাহিনী রাঙ্গুনিয়া কলেজে অবস্থান নেয়। তারা সেখানে মোহাম্মদ শাহ ও আহমদ শাহের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার বিষয়টি জেনে যায়। পরদিন ১৬ এপ্রিল রাঙ্গুনিয়া কলেজের দক্ষিণ দিকের মাজারের পুকুরপাড়ে দুই ভাইকে গুলি করে মাটিচাপা দেওয়া হয়। পরে গ্রামবাসী দুই সহোদরের মাথাবিহীন লাশ নিয়ে নিজ গ্রামের কবরস্থানে দাফন করে। ধারণা করা হয়, এই দুই সহোদরই রাঙ্গুনিয়ার পঞ্চম শহীদ।১৯৫১ সালে রাঙ্গুনিয়ার মরিয়ম নগর গ্রামের সৈয়দ আহম্মদ সওদাগরের ছেলে মোহাম্মদ শাহের জন্ম ১৯৫১ সালে। ১৪ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।তারেক হুদাশহীদ মোহাম্মদ তারেক হুদা ছিলেন একই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম ব্যাচের (যন্ত্রকৌশল বিভাগ) শিক্ষার্থী। কিন্তু প্রকৌশল জীবনের প্রথম ধাপটি পার না হতেই দেশব্যাপী বেজে ওঠে মুক্তিযুদ্ধের ঘনঘটা। প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েই তিনি চলে যান যুদ্ধে। পরে জানা যায়, তিনি যুদ্ধে শহীদ হন।শহীদ মোহাম্মদ তারেক হুদার জন্ম ১৯৪৮ সালে বরিশাল জেলার কাউখালী থানার পারসাটুরীয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. শামসুল হুদা। তারেক ১৯৬৬ সালে এসএসসি এবং ১৯৬৮ সালে এইচএসসি পাস করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক- কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারেক হুদা ছিলেন মেধাবী, চটপটে এবং শিল্প-মানসিকতা সম্পন্ন। অবসরে গিটার বাজাতেন। জানা যায়, চুয়েটের অ্যাথলেটিক ক্লাবের লোগোটি তাঁর তৈরি।জানেন না চুয়েটের শিক্ষার্থীরা শহীদ মোহাম্মদ শাহ এবং শহীদ মোহাম্মদ তারেক হুদার নামে দুটি আবাসিক ছাত্র হল রয়েছে চুয়েটে। তবে তাঁদের নেই কোনো স্মৃতিস্তম্ভ। ক্যাম্পাসের শিক্ষার্থীদের বেশির ভাগই জানেন না, যাঁদের নামে বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে তাঁরা চুয়েটের প্রাক্তন ছাত্র এবং মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।শহীদ মোহাম্মদ শাহ হলের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘আমাদের হলের সামনে কোনো নামফলক নেই। ফলে যে শহীদের নামে হলের নামকরণ করা হয়েছে, তাঁর সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়নি।’কম্পিউটার কৌশল বিভাগের মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে নিহত চুয়েটের দুই শহীদের নামে চুয়েটে কোনো স্মৃতিস্তম্ভ নেই। নেই তাঁদের বীরত্বের কাহিনি সম্পর্কে জানার কোনো ব্যবস্থা। ফলে বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই এ দুই শহীদের কথা অজানা থেকে যাচ্ছে।শহীদ মোহাম্মদ শাহ হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) মো. আবদুল ওয়াজেদ বলেন, ‘আমরা শহীদদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আশা করছি, দ্রুত নামফলক তৈরির কাজটি করতে পারব।’